বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রাজ্যে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব নবান্নের

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
রাজ্যে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব নবান্নের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বাংলায় তৈরি হতে চলেছে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কোথায় গড়ে উঠবে এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান? বর্তমানে রাজ্যে দুটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে—একটি নদীয়ার মোহনপুরে এবং অপরটি কোচবিহারে। নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়টি মূলত দক্ষিণবঙ্গের কৃষির উন্নয়নের লক্ষ্য পূরণ করে। অন্যদিকে, উত্তরবঙ্গের চাষআবাদের উন্নতির জন্য একই কাজ করে কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়টি। এবার জঙ্গলমহল তথা পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে নজর দিল রাজ্য সরকার।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো জেলাগুলি রাজ্যের পশ্চিমাঞ্চলের অন্তর্গত। ভৌগোলিক কারণে এই বিস্তীর্ণ অঞ্চল অত্যন্ত খরাপ্রবণ। তবে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও গত কয়েক বছরে এই জেলাগুলিতে কৃষিক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। উৎপাদিত হচ্ছে নতুন ধরনের ফসল ও ফলমূল। তাই এবার রাজ্যের এই নির্দিষ্ট অঞ্চলে চাষের আধুনিকীকরণ, মাটি পরীক্ষা ও গবেষণার কাজের পরিধি বাড়াতে একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য। পশ্চিমাঞ্চলের যেকোনো একটি জেলাতেই এই ক্যাম্পাসটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
নবান্নের এক পদস্থ আধিকারিক জানান, পশ্চিমাঞ্চলের লাল মাটি এবং আবহাওয়া রাজ্যের বাকি অংশের চেয়ে আলাদা। এখানকার উপযোগী খরা-প্রতিরোধী ফসলের ফলন বাড়াতে এই বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রের অনুমোদন এবং আর্থিক সহযোগিতা মিললেই এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু হবে। রাজ্য সরকারের এই যুগান্তকারী উদ্যোগের ফলে পশ্চিমাঞ্চলের হাজার হাজার কৃষক ও পড়ুয়ারা সরাসরি উপকৃত হবেন এবং এই খরাপ্রবণ এলাকার অর্থনৈতিক মানচিত্র বদলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।