জীবনযাপন
বর্ষায় সুস্থ আপনার বাড়ির শিশুকে সুস্থ রাখতে এগুলি মেনে চলুন
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
বিশেষ প্রতিবেদনঃ টানা বৃষ্টিতে আবহাওয়া মনোরম হলেও এই বর্ষাকালে শিশুদের শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগব্যাধি। ভেজা আবহাওয়া এবং স্যাঁতসেঁতে পরিবেশের কারণে এই সময়ে ব্যাকটেরিয়া ও ভাইরাসের উপদ্রব অনেকটাই বেড়ে যায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম হওয়ায় তারা সহজেই সর্দি-কাশি, পেটের সমস্যা কিংবা ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হয়। তাই বর্ষার মরসুমে খুদেদের সুস্থ রাখতে বাবা-মাকে একটু বাড়তি নজর দিতে হবে।
চিকিৎসকদের মতে, এই সময়ে শিশুদের স্বাস্থ্যের সুরক্ষায় সবচেয়ে জরুরি হলো বিশুদ্ধ পানীয় জল। বর্ষায় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে, তাই জল ফুটিয়ে হালকা গরম করে খাওয়ানোই শ্রেয়। বাইরের কাটা ফল, ফাস্টফুড বা খোলা খাবার এই দিনগুলিতে একেবারেই দেওয়া উচিত নয়। তার বদলে বাড়িতে তৈরি তাজা খাবার, মরসুমি ফল এবং শাকসবজি বেশি করে খাওয়াতে হবে। এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সর্দি-কাশির হাত থেকে বাঁচাতে ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখুন এবং বৃষ্টিতে ভিজলে দ্রুত গা ও মাথা ভালো করে মুছে জামাকাপড় বদলে দিন।
পাশাপাশি, বর্ষায় মশার উপদ্রব রুখতে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা দরকার। কোথাও যেন জল জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। শিশুকে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং বাইরে বেরোনোর সময় ফুল হাতা জামাকাপড় পরানো জরুরি। ঘরের ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, যাতে স্যাঁতসেঁতে ভাব না থাকে। সামান্য অবহেলাও এই সময়ে বড় বিপদের কারণ হতে পারে। তাই শিশুর জ্বর, বমি বা পাতলা পায়খানার মতো কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একটু সচেতনতাই পারে বর্ষার দিনেও আপনার শিশুকে হাসিখুশি ও সুস্থ রাখতে।

