জীবনযাপন
সাজিয়ে গুছিয়ে প্রেম অতীত, ডেটিংয়ে নতুন ট্রেন্ড ‘গবলিনটিমেসি’
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
বিশেষ প্রতিবেদন: ডেটিংয়ের দুনিয়ায় এতদিন একটা অলিখিত নিয়ম ছিল। সম্পর্কের একেবারে শুরুর দিকে নিজের নিখুঁত, মার্জিত এবং আকর্ষণীয় রূপটাই সঙ্গীর সামনে তুলে ধরা। নিজের ভেতরের খামতি, মনের ক্ষত কিংবা অতীতের ‘ইমোশনাল ব্যাগেজ’ লুকিয়ে রেখে নিজেকে একটু বেশি রকম ‘পারফেক্ট’ দেখানোর এক অদ্ভুত প্রতিযোগিতা চলত। মনোবিজ্ঞানের ভাষায় এই প্রবণতাকে বলা হতো ‘কিটেনফিশিং’। প্রথম প্রথম বিষয়টি দু’পক্ষই বেশ উপভোগ করতেন। সোশ্যাল মিডিয়ায় ‘পারফেক্ট কাপল’ বা ‘মেড ফর ইচ আদার’ তকমা পেতেও মন্দ লাগত না। কিন্তু এই মেকি সম্পর্কের মেয়াদ তো বেশি দিন হয় না।
সম্পর্ক একটু পুরোনো হলেই বা একসঙ্গে কিছুটা সময় কাটাতে গেলেই আসল রূপ ধরা পড়ে যেত। তখন দেখা দিত ভাঙন। আসলে সোশ্যাল মিডিয়ার এই সাজানো পারফেকশন এবং নিখুঁত হওয়ার অভিনয় দেখতে দেখতে আধুনিক প্রজন্ম এখন ক্লান্ত। আর সেই ক্লান্তি থেকেই জন্ম নিয়েছে সম্পূর্ণ নতুন এক ডেটিং ট্রেন্ড— ‘গবলিনটিমেসি’।
শব্দটি নতুন হলেও এর ভেতরের আসল অর্থটি হলো অত্যন্ত চেনা ও সহজ— ‘আসল আমি’। এই নতুন ট্রেন্ডে কোনো রাখঢাক নেই, নেই কোনো কৃত্রিমতা। প্রথম দিন থেকেই সঙ্গীর সামনে নিজের আসল রূপটা মেলে ধরাই হলো এর মূল কথা। ঘুম থেকে ওঠার পর আলুথালু চুল, মেকআপহীন মুখ, কিংবা নিজের জীবনের নানা খামতি ও পাগলামি— কোনো কিছুই সঙ্গীর কাছ থেকে লুকিয়ে রাখা নয়।
মনোবিদদের মতে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন আর কাচের ঘরে বাস করতে চান না। তাঁরা এমন সঙ্গী খুঁজছেন, যাঁর সামনে কোনো মুখোশ পরতে হবে না। যেখানে মন খুলে নিজের দুর্বলতা প্রকাশ করা যায়, সেখানেই তৈরি হয় আসল ভালোবাসা। ‘গবলিনটিমেসি’ আসলে মেকি দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পর্কের আসল সততা ও বিশ্বাসের কথাই মনে করিয়ে দিচ্ছে।

