সঞ্চয়
তিন মাস অন্তর বদলাতে পারে ইএমআই নিয়ম
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি বা গাড়ির লোন নেওয়া গ্রাহকদের জন্য বড়সড় বদল আসতে চলেছে ঋণ পরিশোধের নিয়মে। এবার থেকে প্রতি তিন মাস অন্তর অন্তরই পরিবর্তিত হতে পারে ইএমআই-এর (EMI) পরিমাণ। সাধারণ মধ্যবিত্তের সুবিধার্থে এমনই এক যুগান্তকারী নিয়মের খসড়া প্রস্তাব এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।
নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বাড়ালে বা কমালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণের সুদের হারও কমা বা বাড়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায়, রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার পরিবর্তন করলেও তার সুবিধা বা প্রভাব সাধারণ ঋণগ্রহীতার পকেট পর্যন্ত পৌঁছতে অনেক সময় লেগে যায়। বর্তমানে অধিকাংশ ঋণের ক্ষেত্রে বছরে মাত্র এক বার সুদের হার পুনর্নির্ধারণ করা হয়। ফলে রেপো রেট কমলেও গ্রাহকদের সস্তা ইএমআই-এর সুবিধা পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়।
এই সময়ের ব্যবধান কমাতেই এবার আসরে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন প্রস্তাবিত নিয়ম অনুসারে, বাড়ি বা গাড়ির লোনের ক্ষেত্রে সুদের হার পুনর্নির্ধারণ করার সর্বোচ্চ সময়সীমা কমিয়ে ৩ মাস করার কথা বলা হয়েছে। অর্থাৎ, রেপো রেটে কোনও বদল এলে সর্বোচ্চ তিন মাসের মধ্যেই গ্রাহকের ঋণের সুদের হার এবং ইএমআই-এর পরিমাণের ওপর তার সরাসরি প্রভাব পড়বে।
তবে এই নতুন নিয়ম এখনই সাধারণ মানুষের ওপর কার্যকর হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বিষয়টি বর্তমানে একটি খসড়া বা ড্রাফট পর্যায়ে রয়েছে। এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট সব মহলের মতামত নেওয়া হবে। সমস্ত মতামত খতিয়ে দেখার পর যদি এই নিয়ম চূড়ান্ত রূপ পায়, তবে আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে দেশজুড়ে এই নতুন ঋণ কাঠামো কার্যকর হতে পারে। এর ফলে ব্যাঙ্কগুলির একচেটিয়া গড়িমসি কমবে এবং লোন গ্রাহকরা দ্রুত সুদের ওঠানামার সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

