ঘরোয়া লিগে জয়রথ অব্যাহত লাল-হলুদের
নিজস্ব প্রতিনিধি: সময়টা সত্যিই সোনার যাচ্ছে ইস্টবেঙ্গলের। সিনিয়র দল এসিএল ২-এর মূল পর্বে জায়গা করে নিয়েছে, সদ্য ঘরে এসেছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়নের ট্রফি, অন্যদিকে ক্লাবের প্রমীলা বাহিনীও এশিয়ার মঞ্চে দুর্দান্ত পারফর্ম করছে। এই সোনালী সাফল্যের আবহেই কলকাতা ফুটবল লিগেও ছুটছে লাল-হলুদ বাহিনীর জয়রথ। সোমবার ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারিয়ে ঘরোয়া লিগের ‘সুপার সিক্স’ পর্বে খেলা কার্যত নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন মনতোষ মাঝি।
রবিবারই সিনিয়র দল ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। সেই ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে সোমবার কলকাতা লিগে মাঠে নেমে পড়েছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। আগের ম্যাচে শক্তিশালী ভবানীপুরের সঙ্গে ড্র করায় কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন কোচ বিনো জর্জের ছেলেরা। তবে এদিন ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের সরণিতে ফিরল তারা।
যদিও স্কোরবোর্ডে ব্যবধান মাত্র ১-০ লেখা রয়েছে, কিন্তু ম্যাচের নব্বই মিনিটের চিত্রটা ছিল একেবারেই আলাদা। লাল-হলুদ ফরোয়ার্ডদের একের পর এক সহজ সুযোগ নষ্ট না করলে অনায়াসে ব্যবধান ৫ কিংবা ৬ গোল হতে পারত। প্রথমার্ধ থেকেই একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল কালীঘাটের বক্সে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বারবার গোল হাতছাড়া হয়।
অবশেষে ম্যাচের শেষলগ্নে, ৮৪ মিনিটে ডেডলক ভাঙে। কালীঘাটের বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন মনতোষ। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড। চ্যাম্পিয়ন ট্রফির পর ঘরোয়া লিগের নক-আউটেও নিজেদের টিকিট পাকা করে মাঠ ছাড়ল তারা, যা ক্লাব তাঁবুতে উৎসবের মেজাজ আরও বাড়িয়ে দিল।

