খেলা
দুই স্ত্রীর মারামারি, জ্ঞান হারালেন কোচ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠের রণকৌশল সাজাতে তিনি ওস্তাদ। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের 'ডিফেন্স' সামলাতে গিয়ে সম্পূর্ণ কুপোকাত হলেন মিশরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। ছুটিতে গিয়ে দুই স্ত্রীর নজিরবিহীন চুলোচুলি এবং মারামারির মাঝে পড়ে প্রকাশ্যেই জ্ঞান হারালেন ষাট বছর বয়সি এই তারকা কোচ। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে, তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। তবে জ্ঞান ফিরতেই এই পারিবারিক সমস্যার এক চরম 'সমাধান' খুঁজে বের করেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নিজের প্রথম স্ত্রীকে সোজা ডিভোর্স দিয়ে দিয়েছেন মিশরের এই কিংবদন্তি স্ট্রাইকার।
সম্প্রতি বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে মিশরের ম্যাচের পর রেফারি এবং বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন হোসাম। সেই রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন কারণে খবরের শিরোনামে এলেন তিনি। জানা গিয়েছে, মিশরের উত্তর উপকূলের মারিনা এল আলামিনের একটি বিলাসবহুল হোটেলের ক্যাফেতে এই ঘটনাটি ঘটেছে। কোচ সেখানে তাঁর দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফা (যিনি ড্যান অ্যাডাম নামেও পরিচিত)-কে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন। আচমকাই সেই ক্যাফেতে এসে হাজির হন হোসামের প্রথমা স্ত্রী হোয়াইদা আল-ঘারবাওয়ি এবং তাঁর সন্তানেরা।
তার পরই শুরু হয় চরম অশান্তি। দুই স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর হাতাহাতিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে রীতিমতো কিল, চড়, লাথি চলতে থাকে এবং একে অপরের চুল ধরে টানাটানি শুরু হয়। এমনকি গরম কফি ছুড়ে মারার পাশাপাশি ক্যাফের আসবাবপত্র তুলেও মারামারি চলে। দুই স্ত্রীর এই রণংদেহী রূপ দেখে তাঁদের শান্ত করতে মাঝখানে গিয়ে দাঁড়ান ৬০ বছরের কোচ। কিন্তু তীব্র মানসিক উত্তেজনা ও চাপের মুখে পড়ে তিনি হোটেলের মেঝেতেই আচমকা অচেতন হয়ে লুটিয়ে পড়েন।
হোটেলের কর্মী ও নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পুলিশে খবর দেন। হোসাম হাসানকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই স্ত্রীর বিরুদ্ধেই মামলা নথিভুক্ত করে, যদিও পরে তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নেন। বর্তমানে কোচের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে হাসপাতাল থেকে ফিরেই কায়রোর একটি আইনি রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রথম স্ত্রী হোয়াইদার সঙ্গে দীর্ঘ কয়েক দশকের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন হোসাম। এই নাটকীয় পারিবারিক বিচ্ছেদ নিয়ে এখন আন্তর্জাতিক ফুটবল মহলে জোর চর্চা শুরু হয়েছে।

