খেলা
কোয়ার্টার ফাইনালে পাঁচ আর্জেন্টিনীয় রেফারি, ফিফার সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার বিশ্বকাপের হাইভোল্টেজ প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তবে বল মাঠে গড়ানোর আগেই এই ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়ে গেল তীব্র মাঠ-বাইরের বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বয়ং ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে যে পাঁচ জন অন-ফিল্ড আধিকারিককে, তাঁরা প্রত্যেকেই আর্জেন্টিনার নাগরিক। ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তে ফুটবল মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেল্লো। তাঁকে সাহায্য করবেন দুই লাইন্সম্যান জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ রেফারি দারিও হেরেরা এবং রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি ক্রিস্টিয়ান নাভারোও আর্জেন্টিনারই বাসিন্দা। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে মাঠের সমস্ত রেফারিকে একই দেশ থেকে বেছে নেওয়া হল। আর তাতেই বিপদের গন্ধ পাচ্ছেন ফুটবল বোদ্ধা থেকে শুরু করে ফ্রান্সের সমর্থকেরা।
বিগত কয়েক বছরে বিশ্ব ফুটবলে ফ্রান্স ও আর্জেন্টিনার দ্বৈরথ এক অন্য মাত্রা পেয়েছে। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। এই আবহে ফ্রান্সের ম্যাচে পাঁচ জন আর্জেন্টিনীয় রেফারি রাখার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না ফরাসি সমর্থকেরা। নেটমাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিয়োনেল মেসি ও ফিফাকে একহাত নিয়েছেন। ফরাসি সমর্থকদের একাংশের খোঁচা, “ফিফা আর কিছু লুকাতে চাইছে না। রেফারিরা তো আর্জেন্টিনারই, তাহলে ভার (VAR) দেখার জন্য লিয়োনেল মেসিকেই ডেকে নেওয়া হোক!” অনেকেই এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দেগে দিয়েছেন।
তবে এই সমালোচনার পাল্টা যুক্তিও উঠে আসছে। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে ছিলেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে ফিফার এই সিদ্ধান্তকে নিছকই একটি সাধারণ পদ্ধতি হিসেবেই দেখা উচিত। তা সত্ত্বেও, ম্যাচের আগে এই ‘আর্জেন্টিনীয়’ কাঁটা ফরাসি শিবিরকে বাড়তি মনস্তাত্ত্বিক চাপে রাখবে, তা বলাই বাহুল্য।

