বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

ইংল্যান্ডের কাছে হার: ভারত-পাক ম্যাচ এখন মরণ-বাঁচন লড়াই

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
ইংল্যান্ডের কাছে হার: ভারত-পাক ম্যাচ এখন মরণ-বাঁচন লড়াই
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। পুল ‘ডি’-এর হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে হার মানতে হলো হরমনপ্রীত সিংদের। এই হারের ফলে হকি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ৩২ বছরের খরা যেমন কাটল না, তেমনই নক-আউটের রাস্তা কঠিন করে ফেলল টিম ইন্ডিয়া। আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচটি এখন কার্যত কোয়ার্টার ফাইনালে ওঠার মরণ-বাঁচন লড়াইয়ে পরিণত হয়েছে। 

সোমবার আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ভারতের পক্ষে ভালো ছিল না। খেলার ১৪ মিনিটে নিকোলাস বান্দুরাকের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় কোয়ার্টারে অনবদ্যভাবে ম্যাচে ফেরে নীল জার্সিধারীরা। অধিনায়ক হরমনপ্রীত সিং (১৬ মিনিটে) এবং দিলপ্রীত সিংয়ের (২৪ মিনিটে) জোড়া গোলে প্রথমার্ধের শেষে ২-১ ব্যবধানে লিড নেয় ভারত। কিন্তু বিরতির পরেই খেই হারিয়ে ফেলে ভারতীয় রক্ষণভাগ। তৃতীয় কোয়ার্টারে স্টুয়ার্ট রাশমেরে (৩৯ মিনিটে) এবং হেনরি ক্রফটের (৪৩ মিনিটে) গোলে ম্যাচ ঘুরিয়ে ৩-২-এ এগিয়ে যায় ব্রিটিশরা। এরপর ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বান্দুরাক নিজের দ্বিতীয় গোলটি করে ভারতের হার নিশ্চিত করেন। 
এই হারের পর দলের রক্ষণভাগের গাফিলতি এবং মনোযোগ হারানোর বিষয়টিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতের প্রধান কোচ ক্রেগ ফুলটন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দ্বিতীয়র্ধে দলের ডিফেন্স একেবারেই পরিকল্পনামতো খেলেনি। ইংল্যান্ড বিশ্বের তিন নম্বর দলের মতোই কামব্যাক করেছে। পাকিস্তানের বিরুদ্ধে টার্ফে নামার আগে ছেলেদের মানসিকভাবে শান্ত থাকার এবং পেনাল্টি কর্নার নষ্ট না করার কড়া বার্তা দিয়েছেন তিনি। 
বর্তমানে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্য দিকে পাকিস্তান ও ওয়েলসের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় ভারতের সামনে সমীকরণ এখন পরিষ্কার। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে অন্তত একটি পয়েন্ট (ড্র বা জয়) পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করবে ক্রেগ ফুলটন ব্রিগেড।

আরও খেলার খবর