বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

শেষ মুহূর্তের ‘মেরিনো ম্যাজিক’, বেলজিয়ামের প্রতিরোধ ভেঙে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
শেষ মুহূর্তের ‘মেরিনো ম্যাজিক’, বেলজিয়ামের প্রতিরোধ ভেঙে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নভঙ্গ আর তীব্র উল্লাসের মাঝখানের দূরত্বটা যে কত কম, তা লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম আরও একবার দেখল শুক্রবার রাত। ম্যাচ যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে, তখনই বেলজিয়ামের বুকে ছুরি চালালেন স্পেনের ‘সুপার-সাব’ মিকেল মোরিনো। ৮৮ মিনিটে তাঁর দুর্দান্ত লক্ষ্যভেদে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ‘লা রোহা’ ব্রিগেড। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চের শেষ চারে জায়গা করে নিল স্প্যানিশরা।

 আগামী মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। 
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন। লামিনে ইয়ামাল ও দানি ওলমোদের দ্রুত পাসিং আর বল দখলের ফুটবলে শুরুতেই চাপে পড়ে যায় বেলজিয়ামের রক্ষণ। পেদ্রির পরিবর্তে এদিন শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ফ্যাবিয়ান রুইজ। কোচের সেই আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি তিনি। 
ম্যাচের ৩০ মিনিটে ডান দিক থেকে তৈরি হওয়া এক আক্রমণ রুখে দিতে যান বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু দানি ওলমোর জোরালো শট কোর্তোয়া পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে চমৎকার প্লেসিংয়ে স্পেনকে ১-০ গোলে এগিয়ে দেন রুইজ। 
তবে এত সহজে লড়াই ছেড়ে দেওয়ার পাত্র ছিল না ‘রেড ডেভিলস’রা। গোল হজম করার পর পাল্টা আক্রমণে স্পেনের দুর্ভেদ্য রক্ষণে ফাটল ধরায় তারা। ম্যাচের ৪১ মিনিটে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে বেলজিয়ামকে ১-১ সমতায় ফেরান চার্লস ডি কেটেলারে। 

চলতি বিশ্বকাপে স্পেনের জালে এটিই ছিল প্রথম গোল। দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে আক্রমণ আর পাল্টা আক্রমণে। কিন্তু কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৭১ মিনিটে চোট পেয়ে কোর্তোয়া মাঠ ছাড়লে বেলজিয়ামের গোলপোস্টের নিচে দাঁড়ান তরুণ সেনে ল্যামেন্স। ম্যাচের শেষ লগ্নে সেই সুযোগটিই কাজে লাগায় স্পেন।
 ৮৮ মিনিটে পাউ কুবার্সির একটি দূরপাল্লার শট ল্যামেন্স ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে না পারলে ধেয়ে আসা বল জালে জড়িয়ে দেন মিকেল মোরিনো। নাটকীয় এই গোলের পর বেলজিয়াম মরিয়া চেষ্টা চালালেও স্পেনের জয়ে বাধা হতে পারেনি। শেষ চারে এবার ইউরোর পর বিশ্বকাপের মঞ্চেও মুখোমুখি ইউরোপের দুই মহাশক্তি— স্পেন ও ফ্রান্স।

আরও খেলার খবর