রাজ্য
বাংলায় আবারও শুরু ১০০ দিনের কাজ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আবারও শুরু হলো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প তথা মনরেগা (MGNREGS)-এর কাজ। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক চলতি জুন মাসের জন্য রাজ্যে ১.৫৩ কোটি শ্রমদিবস সৃষ্টির বড়সড় অনুমোদন দিয়েছে. এর ফলে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মসূচি শুরু করার চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকার মানুষের হাতে দ্রুত কাজ পৌঁছে দিতে প্রথম পর্যায়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত দুই থেকে তিনটি প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে গ্রামীণ এলাকায় শুধু যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তা-ই নয়, বরং থমকে থাকা গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের কাজও দ্রুত গতি পাবে বলে আশাবাদী নবান্ন।
এবার কাজ শুরুর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখার ওপর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি রুখতে সব শ্রমিকের আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম (ABPS)-এর মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কাজের তদারকিতে থাকছে জিও-ট্যাগিং এবং সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার। প্রতিটি ব্লকের বিডিও-দের নিয়মিত ক্ষেত্র পরিদর্শন ও কাজের তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে মনরেগা প্রকল্পের বদলে কার্যকর হতে চলেছে নতুন গ্রামীণ চাকরি প্রকল্প 'ভিবি জি রাম জি' (VB-G RAM G)। সেই নতুন নিয়মে কাজের নিশ্চয়তা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হচ্ছে। তার ঠিক আগেই জুন মাসের এই বিশেষ বরাদ্দ রাজ্যের কয়েক লক্ষ পরিযায়ী ও গ্রামীণ শ্রমিকের মুখে হাসি ফোটাল।

