রাজ্য
সই-কাণ্ডে রবিবার একই দিনে সিআইডি তলব অভিষেক ও কুণালকে!
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের পরিষদীয় দলের সই জালিয়াতি মামলায় রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে এবার একই দিনে জোড়া তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা (CID)। রবিবার ১৪ জুন কলকাতার ভবানী ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক তথা দলের প্রধান মুখপত্র কুণাল ঘোষকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় দু'জনকে ডেকে পাঠানোয় তাঁদের মুখোমুখি বসিয়ে বয়ান মেলানোর সম্ভাবনা প্রবল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে গত বৃহস্পতিবার এই মামলায় সিআইডি দপ্তরে সশরীরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তাঁকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।
গোয়েন্দা সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় পরদিনই অর্থাৎ শুক্রবার সকালে সিআইডি আধিকারিকরা কালীঘাটে গিয়ে অভিষেককে দ্বিতীয় দফার নোটিস ধরান। অন্যদিকে, শুক্রবার বিকেলেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি-র সমন পৌঁছে দেওয়া হয়।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিধানসভার স্পিকারের কাছে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়ে তৃণমূল পরিষদীয় দলের যে চিঠি জমা পড়েছিল, তাতে একাধিক বিধায়কের সই জাল বা ব্লক লেটারে করার অভিযোগ উঠেছে। যেহেতু সেই নথিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকেরও সই রয়েছে, তাই তাঁকে মূল অভিযুক্ত ও কুণাল ঘোষকে এই ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করতে চাইছে সিআইডি। রবিবার দুই নেতার বয়ান মিলিয়ে দেখার পর সিআইডি পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

