রাজ্য
রাস্তায় আইন ভাঙলেই ফাইন করবে এআইঃ পরিবহন মন্ত্রী অর্জুন
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিগনাল ভাঙা থেকে শুরু করে রেজিস্ট্রেশনহীন গাড়ি চালানো, কিংবা ভিন রাজ্য থেকে চুরি হওয়া গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো— এবার ট্রাফিক আইন ভাঙলে রেহাই পাওয়া অসম্ভব হতে চলেছে। সব অপরাধ রুখতে এবার রাস্তায় নামছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। সিগনালের বিশেষ ক্যামেরায় গাড়ির গতিবিধি ধরা পড়লেই সমস্ত তথ্য নিমেষে পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। সেখান থেকেই নেওয়া হবে স্বয়ংক্রিয় বা অটোমেটিক আইনি ব্যবস্থা।
রাজ্য সরকারের একগুচ্ছ খতিয়ান তুলে ধরে বুধবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বড় ঘোষণা করলেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। পরিবহণ দপ্তর সূত্রে খবর, কলকাতার পাশাপাশি এবার সংলগ্ন জেলা ও শহরতলি এলাকাতেও এই অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে। এর জন্য ইতিমধ্যেই একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম সক্রিয় করে তোলা হয়েছে।
নতুন এই ব্যবস্থায়, রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলি গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। সেই নম্বরের সঙ্গে পরিবহণ দপ্তরের কেন্দ্রীয় ডেটাবেসের তথ্য মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় কোনও গাড়ির বৈধ রেজিস্ট্রেশন নেই, ভুল বা জাল নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছে কিংবা দেশের অন্য কোনও প্রান্ত থেকে গাড়িটি চুরি করে আনা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সংকেত চলে যাবে পুলিশের কাছে।
এই প্রযুক্তি চালুর প্রসঙ্গে পরিবহণমন্ত্রী অর্জুন সিং স্পষ্ট জানান, “কোনও অপরাধী বা দু’নম্বরি গাড়ি যাতে রাস্তায় আইন ভেঙে পার না পেয়ে যায়, তার নিশ্চিত ব্যবস্থা করা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, “ক্যামেরা থেকে সরাসরি কন্ট্রোল রুমে ফিডব্যাক যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে মামলার নথিভুক্তকরণ বা জরিমানা হবে। এর মধ্যে কোনও ম্যানুয়াল ব্যবস্থা বা মানুষের হস্তক্ষেপ থাকবে না।” ফলে ট্রাফিক পুলিশকে ফাঁকি দেওয়ার দিন শেষ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

