রাজ্য
বাংলায় তৈরি হচ্ছে বিশ্বের বড় দই-কারখানা
প্রকাশিত: ২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: শিল্প এবং বিনিয়োগের ক্ষেত্রে এক ঐতিহাসিক নজির গড়তে চলেছে পরিবর্তনোত্তর পশ্চিমবঙ্গ। রাজ্যে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই তৈরির কারখানা। আর এই বিশাল মেগা কারখানাটি গড়ে তুলতে চলেছে গুজরাটের বিখ্যাত দুগ্ধ সমবায় সংস্থা ‘আমুল’ (Amul)। আমুল কর্তৃপক্ষের তরফ থেকেও বিষয়টি একপ্রকার নিশ্চিত করে সিলমোহর দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলার দুগ্ধ শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
আমুল সূত্রের খবর, প্রস্তাবিত এই অত্যাধুনিক কারখানায় প্রতিদিন গড়ে প্রায় ১০ লক্ষ কেজি দই, লস্যি, ছাঁচ, মিষ্টি দই, সরবৎ এবং অন্যান্য বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি মেনে এখানে পণ্য উৎপাদন করা হবে। জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে ওই ডেয়ারি প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই হবে আমূলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটির বিনিয়োগ হবে। তাতে বাংলায় যেমন দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী হবে, তেমনই কর্মসংস্থানের ক্ষেত্রে জোয়ার আসবে। জানা গিয়েছে গুজরাটেরই একটি সংস্থা দুদফায় ওই কারখানা তৈরি করবে।
এর আগে রাজ্যে ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছে পূর্বতন তৃণমূল সরকার! সেই সম্মেলন থেকে দেওয়া হয়েছে একের পর এক প্রতিশ্রুতি। কিন্তু এরপরেও রাজ্যে কাটেনি শিল্প-খরা। যদিও রাজ্যে পালাবদলের পরেই শিল্পের আশা জাগিয়ে ১০০ দিনের মধ্যে ম্যাজিক দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এহেন বার্তার কয়েকদিনের মধ্যেই বাংলায় বড়সড় বিনিয়োগের বার্তা। আমুলের এমডি জয়েন মেহতা জানিয়েছেন, ওই বিনিয়োগের ব্যপারে সংস্থা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আমুলের মতো ভারতের একটি প্রথম সারির ব্র্যান্ড বাংলায় বিশ্বের সবচেয়ে বড় কারখানা তৈরি করলে, তা রাজ্যের শিল্প ভাবমূর্তিকে জাতীয় স্তরে অনেক উজ্জ্বল করবে। অন্য বড় কর্পোরেট সংস্থাগুলিও আগামী দিনে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এগিয়ে আসবে।

