রাজ্য
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে এবং তাঁদের পাশে দাঁড়াতে অন্নপূর্ণা যোজনায় বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে তিনি স্পষ্ট জানান, এই প্রকল্পের সুবিধা যাতে রাজ্যের প্রতিটি যোগ্য মহিলার কাছে পৌঁছায়, তার জন্য বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ানো হচ্ছে। সরকারের আগের নির্ধারিত ৩৬ হাজার কোটি টাকার বাজেট বাড়িয়ে এবার ৪৮ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।
এ দিন ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের সরকার রাজ্যের মা-বোনেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নামের অনুমোদন দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আরও প্রায় ১৪ লক্ষ আবেদনকারীর নথিপত্র যাচাইয়ের কাজ বা ভেরিফিকেশন চলছে।” তিনি আরও জানান, এই বিপুল সংখ্যক উপভোক্তার কারণে স্বাভাবিকভাবেই প্রকল্পের খরচ বাড়বে। আগে বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও, বর্তমান পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয়। সেই কারণেই আরও ১২ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা করা হচ্ছে।
প্রশাসন সূত্রের খবর, এই বর্ধিত বরাদ্দের ফলে রাজ্যের গ্রামীণ ও শহরঞ্চলের কোটি কোটি প্রান্তিক নারী সরাসরি উপকৃত হবেন। রাজ্য সরকারের এই মেগা প্রকল্পকে ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহও তুঙ্গে। মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দিয়েছেন, যাচাই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই বাকি ১৪ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে যাবে। অর্থাভাব যাতে কোনোভাবেই এই জনকল্যাণমূলক কাজের পথে বাধা না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতেই এই বিরাট অঙ্কের বাজেট বৃদ্ধি করল নতুন সরকার।

