রাজ্য
সীমান্ত পেরিয়ে কারা এলেন, খোঁজ নিতে থানাগুলিকে নির্দেশ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: গত দশ বছরে উত্তরবঙ্গের কোন সীমান্ত দিয়ে কত জন বাংলাদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের মধ্যে কত জন ফিরে গিয়েছেন এবং কত জন এখনও ভারতেই থেকে গিয়েছেন— এবার তার পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরির তোড়জোড় শুরু করল প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশিকা নবান্ন হয়ে উত্তরবঙ্গের সমস্ত থানায় পৌঁছতেই জলপাইগুড়ি, মালদহ থেকে শিলিগুড়ি— সর্বত্র শুরু হয়েছে জোরদার তৎপরতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকাটি নবান্ন থেকে সরাসরি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈনের কাছে। সেখান থেকেই উত্তরের সমস্ত জেলার পুলিশ সুপার এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে বার্তা পাঠানো হয়েছে। প্রতিটি থানার আইসি (IC) এবং ওসি (OC)-দের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন স্থানীয় জেলা গোয়েন্দা শাখা (DIB) বা স্পেশাল ব্রাঞ্চের (SB) সঙ্গে সমন্বয় রেখে দ্রুত এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। এর আগে এডিজি থাকাকালীন কারলিয়াপ্পন জয়রামনও বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছিলেন।
প্রশাসনিক সূত্রে খবর, মূলত তিনটি ভাগে বিভক্ত করে এই চিহ্নিতকরণের কাজ করতে বলা হয়েছে, প্রথমত, কত জন ভিসা নিয়ে এ দেশে ঢুকলেন। দ্বিতীয়ত, কত জন নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে গেলেন। তৃতীয়ত, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও কত জন বেআইনিভাবে এ দেশে থেকে গিয়েছেন।
উত্তরবঙ্গের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “নবান্নের নির্দেশ মেনেই এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই স্ক্রিনিং অত্যন্ত জরুরি।” লোকসভা নির্বাচনের আগে ও পরে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রুখতে দিল্লির এই সক্রিয়তা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

