রাজ্য
বসিরহাটে অভিনব প্রতিবাদ, ইছামতীতে বিসর্জন নেতার প্রতীকী ‘কলাবউ’
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বসিরহাট। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার অবয়বকে ‘কলাবউ’ বা নবপত্রিকা সাজিয়ে ধুমধাম করে মিছিলে ঘোরানো হল শহরজুড়ে। আর মিছিল শেষে ঢাকঢোল পিটিয়ে সেই প্রতীকী ‘কলাবউ’ বিসর্জন দেওয়া হল ইছামতী নদীর জলে। বৃহস্পতিবার দুপুরে এমনই এক বেনজির ও চাক্ষুষ প্রতিবাদের সাক্ষী থাকলেন বসিরহাটের সাধারণ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমা জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জমি কেলেঙ্কারি, আর্থিক তছরুপ ও একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে। তাঁর এই কীর্তির বিরুদ্ধেই এদিন কোমর বেঁধে পথে নামে বিজেপি। তবে চেনা ছকের ঘেরাটোপে না থেকে, তাঁরা বেছে নেন এক অভিনব প্রতিবাদের রাস্তা। এদিন সকালে প্রথমে একটি আস্ত কলাগাছ কেটে আনা হয়। এরপর সনাতন রীতিনীতি মেনে সেই কলাগাছকে শাড়ি পরিয়ে হুবহু ‘কলাবউ’-এর রূপ দেওয়া হয়। তবে টুইস্ট ছিল অন্য জায়গায়। সেই প্রতীকী কলাবউয়ের মুখের ওপর সেঁটে দেওয়া হয়েছিল ধৃত তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের একটি বড় ছবি।
এই ‘নেতা-রূপী কলাবউ’ কাঁধে নিয়েই এরপর রাজপথে মিছিলে নামেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকেরা। স্লোগান ওঠে দুর্নীতির বিরুদ্ধে। শহর পরিক্রমার পর মিছিলটি গিয়ে পৌঁছায় ইছামতী নদীর ঘাটে। সেখানে ঢাকের আওয়াজ আর উলুধ্বনির আবহে ধৃত নেতার ছবি দেওয়া সেই কলাগাছটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বিজেপির দাবি, বসিরহাটে যেভাবে একের পর এক তৃণমূল নেতা সাধারণ মানুষের জমি ও টাকা লুঠ করেছেন, তার বিরুদ্ধেই এই প্রতীকী ‘পাপ বিসর্জন’। সব মিলিয়ে ইছামতীর ঘাটের এই বিসর্জন এখন বসিরহাটের সবথেকে বড় চর্চার বিষয়।

