রাজ্য
তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি, ব্যানার সল্টলেকে
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গে রাজনৈতিক মহলে পরিবর্তনের বয়স মাত্র তিন মাস। তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। নির্বাচনী প্রচারে পদ্ম শিবিরের অন্যতম প্রধান হাতিয়ার ছিল তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ। কিন্তু শাসক বদলালেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখনও উঠছে তোলাবাজির ভূরি ভূরি অভিযোগ। কোথাও কোথাও খোদ বিজেপি নেতাদের নাম জড়ানোয় চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে তোলাবাজি রুখতে অভিনব পন্থায় ময়দানে নামলেন সল্টলেকের নিচুতলার বিজেপি কর্মীরা।
সল্টলেকের করুণাময়ী মোড়ে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টাঙানো হয়েছে একটি বিতর্কিত ব্যানার। যাতে লেখা রয়েছে— ‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি!’ এই ব্যানারকে কেন্দ্র করে বিধাননগর জুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। প্রকাশ্য রাস্তায় দলের নাম ও প্রতীক ব্যবহার করে সতীর্থদের বিরুদ্ধে এমন পোস্টার দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন জেলা ও রাজ্য নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা।
ব্যানারটি যাঁরা টাঙিয়েছেন, সেই স্থানীয় বিজেপি কর্মীদের দাবি অত্যন্ত স্পষ্ট। তাঁদের অভিযোগ, বিধানসভা ভোটের পর তৃণমূল থেকে যে সমস্ত সুবিধাবাদী নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন, পুরনো অভ্যাস মেনে তাঁরাই এখন এলাকায় তোলাবাজি শুরু করেছেন। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিক্ষোভকারী কর্মীদের হুঁশিয়ারি, নব্য বিজেপিদের এই তোলাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি তাঁরা এও সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির কোনো আদি নেতা যদি এই দলবদলু তোলাবাজদের সমর্থন করেন বা তাঁদের আড়াল করার চেষ্টা করেন, তবে তাঁদের কপালেও এই ‘ডিমভাজি’ জুটবে। রাজনৈতিক পালাবদলের মাত্র তিন মাসের মাথায় খোদ শাসক দলের অন্দরের এই গৃহযুদ্ধ এখন কলকাতার অন্যতম প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

