রাজ্য
বিজেপি-র টাকা বিতর্ক: মুখ খুললেন আরজে প্রিয়াঙ্কা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একাংশের বিজেপির হয়ে প্রচার করা এবং তার বদলে মোটা অঙ্কের টাকা নেওয়া সংক্রান্ত বিতর্ক এখন তুঙ্গে। নির্বাচন কমিশনে বিজেপির জমা দেওয়া নির্বাচনী খরচের খতিয়ান সামনে আসতেই এই শোরগোল শুরু হয়েছে। সেই তালিকায় শিলিগুড়ির জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা রেড এফএম-এর প্রাক্তন রেডিও জকি আরজে প্রিয়াঙ্কার নাম জ্বলজ্বল করছে। অভিযোগ, বিজেপির হয়ে প্রচারের জন্য তিনি ১৫ লক্ষ টাকা পেয়েছেন। এই নিয়ে তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সরব হয়ে প্রিয়াঙ্কা ট্রোলের কড়া জবাব দিয়েছেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, "আমি কি কারও কাছ থেকে ঘুষ নিয়েছি বা চুরি করেছি? লোকে এমন বলছে যেন রাজ্য বেচে দিয়েছি!" তাঁর দাবি, জনসমক্ষে তাঁকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সমালোচকদের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, তাঁর তৈরি কোন ভিডিওতে বিজেপিকে আলাদা করে হাইলাইট করা হয়েছে বা তৃণমূলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তা যেন কেউ প্রমাণ সহ দেখিয়ে দেয়।
নিজের সাফাইতে প্রিয়াঙ্কা জানান, বন্দে ভারত ট্রেনের সূচনা বা কেন্দ্রীয় বাজেট নিয়ে তিনি যে সমস্ত ভিডিও তৈরি করেছিলেন, সেগুলি কেবলই সাধারণ মানুষের স্বার্থে সরকারি প্রকল্প ও পরিষেবার তথ্য তুলে ধরার জন্য ছিল। সেখানে কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার ছিল না। বিজেপি নেতাদের সঙ্গে ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, সেটি ভোটের অনেক পরে 'বিকশিত ভারত' কর্মসূচির একটি সাধারণ অনুষ্ঠান ছিল। টাকার পরিমাণের বিষয়েও তিনি দাবি করেছেন যে, নির্বাচন কমিশনের রিপোর্টে তাঁর নামের পাশে যে ১৫ লক্ষ টাকার অঙ্কটি দেখানো হয়েছে, সেই হিসাবটি সম্পূর্ণ ভুল। জুয়া বা বেটিং অ্যাপের মতো ক্ষতিকর প্রচার থেকে তিনি নিজেকে সবসময় দূরে রেখেছেন। উলটে নিট পেপার লিক ও গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির মতো জনস্বার্থের বিষয়েও যে তিনি অতীতে সরব হয়েছিলেন, সে কথাও মনে করিয়ে দেন শিলিগুড়ির এই ভূমিকন্যা।

