রাজ্য
চা শ্রমিকদের উন্নয়নে মিলতে পারে কেন্দ্রের ৩১৪ কোটি টাকা, আশাবাদী টি বোর্ড
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নতুন ডবল ইঞ্জিন সরকার গঠনের পরই উত্তরবঙ্গের চা বলয়ে আশার আলো। কেন্দ্রীয় ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’র (PM-TSPY) আওতায় রাজ্যের চা শ্রমিকদের কল্যাণে আটকে থাকা ৩১৪ কোটি টাকা দ্রুত পাওয়ার ব্যাপারে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার চা পর্ষদের (Tea Board) ডেপুটি চেয়ারম্যান সি মুরুগান এই বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।
কেন আটকে ছিল টাকা? কেন্দ্রীয় অনুদান পাওয়ার মূল শর্ত ছিল একটি ‘স্টেট লেভেল কমিটি’ গঠন করা। কিন্তু পূর্বতন রাজ্য সরকার এই কমিটি গঠন না করায় পশ্চিমবঙ্গ এই বড় অঙ্কের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত ছিল। কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব এবং সদস্য হিসেবে সংশ্লিষ্ট জেলাশাসক ও সাংসদদের থাকার কথা থাকলেও তা করা হয়নি। আগে অসম এবং পশ্চিমবঙ্গের চা শিল্পের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র মোট ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু তিন বছরের এই কেন্দ্রীয় স্কিমের ইতিমধ্যে দু-বছর সময়সীমা কেটে গিয়েছে। রাজ্য কমিটির ছাড়পত্র না মেলায় বাংলার প্রাপ্য ৩১৪ কোটি টাকা এতদিন আটকে ছিল।
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন এবং ডবল ইঞ্জিন সরকার আসার পর এই প্রশাসনিক জটিলতা দ্রুত কেটে যাবে বলে মনে করছে টি বোর্ড। রাজ্য স্তরের কমিটি গঠন করে দ্রুত এই টাকা নিয়ে এসে চা শ্রমিকদের গৃহনির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা এবং চা বাগানের পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানোই এখন মূল লক্ষ্য।

