রাজ্য
স্ট্র্যান্ড রোডে প্যারিসের ছোঁয়া, চন্দননগরে তিন দিনের ফরাসি উৎসব
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ একদা ফরাসি উপনিবেশ চন্দননগরে এবার সরাসরি লাগতে চলেছে প্যারিসের ছোঁয়া। আলোর শহর চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড রোডকে সাজিয়ে তোলা হচ্ছে একেবারে ফরাসি কায়দায়। তবে কি দুর্গাপুজোর আগেই চন্দননগরে ঢাকের কাঠি পড়ে গেল? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসল বিষয়টা তা নয়। আসলে চন্দননগরের ঐতিহ্য এবং ফরাসি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে আগামী শুক্রবার থেকে একটি বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে।
চলতি সপ্তাহের ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত তিন দিন ধরে চলবে এই ‘চন্দননগর উৎসব’। ফরাসি আমলের জীর্ণ হয়ে পড়া ঐতিহাসিক রেজিস্ট্রি ভবন সংস্কারকে কেন্দ্র করেই মূলত রাজ্য পর্যটন দপ্তরের এই বড় উদ্যোগ। শুক্রবার এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ফরাসি রাষ্ট্রদূত এবং সে দেশের সরকারের এক প্রতিনিধি দলেরও। উৎসবের দিনগুলিতে গঙ্গার বুকে বিশেষ আরতি এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্র্যান্ড রোড। আলোর কারসাজিতে সেখানে তৈরি করা হচ্ছে প্যারিসের রাস্তার আবহ। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, ফ্রান্সের সঙ্গে চন্দননগরের যে গভীর আত্মিক ও ঐতিহাসিক যোগাযোগ রয়েছে, তাকে আরও মজবুত করতেই এই তিন দিনের উৎসবের পরিকল্পনা। চন্দননগর ছাড়াও ব্যান্ডেল ও চুঁচুড়ার মতো হুগলি নদীর তীরবর্তী ইউরোপীয় উপনিবেশের ইতিহাসকে কেন্দ্র করে আগামী দিনে পর্যটন সার্কিট গড়ে তোলার বড় ভাবনা রয়েছে নতুন সরকারের। উৎসবের দিনগুলিতে স্ট্র্যান্ড রোডের দুধারে বসবে হরেক রকমের খাবারের স্টল। ভারতীয় রসনার পাশাপাশি সেখানে পাওয়া যাবে খাঁটি ফরাসি এবং কন্টিনেন্টাল খাবারও। ফলে পুজোর এক মাস আগেই ফরাসডাঙায় উৎসবের মরসুম শুরু হয়ে যাচ্ছে।

