বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সোম সকাল পর্যন্ত বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার! পুজোতেই কি নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো?

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
সোম সকাল পর্যন্ত বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার! পুজোতেই কি নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের (অরেঞ্জ লাইন) থমকে থাকা কাজ গতি পেতেই বড়সড় ট্রাফিক বদল তিলোত্তমায়। সল্টলেকের সুকান্তনগর এলাকায় এই মেট্রো রুটের শেষ পর্যায়ের কাজের জন্য শুক্রবার রাত ৯টা থেকে চিংড়িঘাটা ফ্লাইওভার পুরোপুরি বন্ধ করে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। 
ট্রাফিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই ফ্লাইওভার দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকবে।
মেট্রো রেল সূত্রে খবর, সল্টলেকের এই অংশে ৩২৬ ও ৩২৭ নম্বর পিলার জোড়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজ চলছে। মূলত যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে শনি ও রবিবার ছুটির দিনেও বাইপাস সংলগ্ন এলাকায় কিছুটা যানজটের আশঙ্কা থাকছে। 

পুলিশ জানিয়েছে, চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে চলাচলকারী উত্তরমুখী সমস্ত যানবাহনকে আপাতত বেলেঘাটা মেইন রোড এবং ই এম বাইপাস-ব্রডওয়ে ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চিংড়িঘাটার এই ৩৬৬ মিটার অংশের কাজ জমি ও অন্যান্য জটের কারণে দীর্ঘ ১৮ মাস ধরে থমকে ছিল। এই পিলার জোড়ার কাজ শেষ হলেই রুটের সবচেয়ে বড় বাধা দূর হবে। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, এই জট কাটার পর দ্রুত লাইন পাতা, সিগন্যালিং এবং বিদ্যুৎ সংযোগের (পাওয়ার সাপ্লাই) কাজ শেষ করা। সব ঠিকঠাক চললে, আগামী পুজো বা দীপাবলির আগেই এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয়ে যেতে পারে। আর তা হলে সল্টলেক, নিউ টাউন, রাজারহাটসহ দুই ২৪ পরগনার হাজার হাজার অফিসযাত্রীর দৈনিক যাতায়াতে এক যুগান্তকারী বদল আসবে।

আরও রাজ্য খবর