বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ: ঘটনাস্থলে পুলিশি পুনর্নির্মাণ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ: ঘটনাস্থলে পুলিশি পুনর্নির্মাণ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ধর্মতলায় নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে সাংবাদিকদের মারধর ও নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। তদন্তের স্বার্থে সোমবার দুপুরে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ (ক্রাইম সিন রিকনস্ট্রাকশন) করলেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ঠিক ১২টা নাগাদ এই মামলার মূল অভিযুক্ত মহম্মদ আফরোজ সহ মোট ৫ জন ধৃতকে কড়া পুলিশি পাহারায় ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে নিয়ে আসা হয়। ধৃতদের মধ্যে বাকি ৪ জন হলেন খালিদ রাজা, মহম্মদ আলমগীর, মহম্মদ মইনুদ্দিন এবং শেখ সলমন। প্রিজন ভ্যান থেকে নামানোর পর তাঁদের সম্পূর্ণ খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার ঠিক কোন কোন জায়গায় সাংবাদিকদের উপর চড়াও হওয়া হয়েছিল এবং কীভাবে তাণ্ডব চালানো হয়েছিল, ধৃতদের মুখোমুখি বসিয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রেকর্ড করেন লালবাজারের গোয়েন্দারা। মেট্রো চ্যানেল থেকে শুরু করে ডোরিনা ক্রসিং ও টিপু সুলতান মসজিদের সামনে নিয়ে গিয়ে সেদিনের ঘটনার হুবহু খতিয়ান খতিয়ে দেখা হয়।
তদন্তকারীদের দাবি, গত শুক্রবার সেন্ট্রাল কলকাতায় নিট কেলেঙ্কারির বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন ও একটি রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা। সেই সময়ে খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদমাধ্যমের প্রতিনিধি ও চিত্র সাংবাদিকদের ওপর অতর্কিতে লাঠি, বোতল ও জুতো নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম হন বেশ কয়েকজন সাংবাদিক। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন ও সরকারি সম্পত্তি নষ্টের ধারা প্রয়োগ করা হয়েছে।
সোমবার দুপুরে পুনর্নির্মাণ প্রক্রিয়া চলাকালীন ধর্মতলা বাস ডিপো ও ডোরিনা ক্রসিং চত্বরে ব্যাপক ভিড় জমে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এই ঘটনার পিছনে কোনও সুপরিকল্পিত চক্রান্ত বা অন্য কারও মদত ছিল কি না, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও রাজ্য খবর