রাজ্য
বৌমাকে মারধর ও খুনের চেষ্টা, আদালতে তৃণমূলের দাপুটে নেত্রী
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, গাইঘাটা: নিজের বৌমাকে নৃশংসভাবে মারধর, গলা টিপে খুনের চেষ্টা এবং লাগাতার ভয় দেখানোর গুরুতর অভিযোগে পুলিশ গ্রেফতার করল গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ইলা বাগচিকে। রবিবার ঠাকুরনগর বাবুপাড়ার নিজস্ব বাসভবন থেকে গাইঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিনই তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক দাপুটে এই তৃণমূল নেত্রীকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ইলা বাগচির বিরুদ্ধে তাঁর বৌমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠছিল। সম্প্রতি সেই নির্যাতন চরম সীমায় পৌঁছয়। বৌমাকে মারধর করে গলা টিপে খুনের চেষ্টা এবং বিষয়টি নিয়ে মুখ খুললে চরম পরিণতির ভয় দেখানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে পুলিশ ঠাকুরনগরে ইলার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।
এদিন দুপুরে থানা থেকে লক-আপ পেরিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় নজিরবিহীন এক পরিস্থিতি। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেত্রী। গ্রেফতারির পর শাড়ি দিয়ে মুখ ঢাকার চেষ্টা করতেই ক্ষুব্ধ কয়েকজন মহিলা আচমকা তাঁর ওপর চড়-থাপ্পড় নিয়ে চড়াও হন। শুধু তাই নয়, ইলা বাগচিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় এবং তাঁকে উদ্দেশ্য করে চারপাশ থেকে ‘চোর’ স্লোগান উঠতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ দ্রুত তাঁকে গাড়িতে তুলে আদালতের দিকে রওনা দেয়। তবে আদালতে ঢোকার মুখে নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের উদ্দেশ্যে ইলা বলেন, “আমি বৌমাকে কোনও নির্যাতন করিনি। সমস্ত অভিযোগ মিথ্যা।”

