সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কেনার নিয়ম শিথিল, বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি আবাসনের বর্তমান আবাসিকদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। এখন থেকে পরিবারের প্রয়োজনে বর্তমান আবাসিকরা চাইলে ওই একই আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট সুলভেই কিনতে পারবেন। বহু বছর ধরে চালু থাকা আবাসন পর্ষদের অনমনীয় নিয়ম শিথিল করে এই ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার আবাসন দফতরের উচ্চপর্যায়ের বৈঠকের পর রাজ্যের আবাসনমন্ত্রী দীপক বর্মন এই ঘোষণা করেন। তিনি জানান, বাম আমল থেকে চলে আসা লটারি প্রথার জটিলতা কাটিয়ে অবিক্রিত ফ্ল্যাটগুলির ক্ষেত্রে এবার থেকে ‘আগে এলে আগে পাবেন’ (First Come First Served) নীতি নেওয়া হচ্ছে। বর্তমানে আবাসন পর্ষদের বিভিন্ন প্রকল্পে প্রায় ৩৭০টি ফ্ল্যাট অবিক্রিত অবস্থায় রয়েছে। একই সরকারি আবাসনে যাঁরা ইতিমধ্যে বসবাস করছেন, তাঁরাও পরিবারের বর্ধিত প্রয়োজনে এই অবিক্রিত ফ্ল্যাটগুলি কেনার জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন।
শুধু দ্বিতীয় ফ্ল্যাট কেনার সুবিধাই নয়, আবাসন ক্ষেত্রে দীর্ঘদিনের লিজ প্রথার অবসান ঘটিয়ে সম্পূর্ণ মালিকানা বা ‘ফ্রি-হোল্ড’ (Freehold) স্বত্ব দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত বহু বছরের আইনি ও পদ্ধতিগত জটিলতা চিরতরে দূর হতে চলেছে। নতুন নিয়মে আবাসন ক্ষেত্র থেকে ‘সিন্ডিকেট রাজ’ পুরোপুরি খতম করার বার্তাও দিয়েছেন আবাসনমন্ত্রী। সব মিলিয়ে, পরিবারের সদস্য বাড়লে ঘরের অভাব মেটাতে সরকারি আবাসনের বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত স্বস্তির খবর।

