রাজ্য
সোমবার থেকেই রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, হুঙ্কার মুখ্যমন্ত্রীর
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্য বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গিয়েছে বহু চর্চিত গুন্ডাদমন বিল। আগামী সোমবার থেকেই সমগ্র রাজ্যজুড়ে এই নতুন কড়া আইন লাগু হতে চলেছে। আজ, শুক্রবার বহরমপুরে এক জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন কার্যকর হওয়ার পর রাজ্যে আর কোনওদিন সামশেরগঞ্জ কিংবা ধুলিয়ানের মতো হিংসাত্মক ঘটনা ঘটবে না বলেই সম্পূর্ণ ‘আত্মবিশ্বাসী’ মুখ্যমন্ত্রী।
২০১৯ সালে সিএএ পাশের পর বাংলায় যেভাবে ব্যাপক অশান্তি ও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, মূলত তা রুখতেই এই কড়া পদক্ষেপ। সে সময় মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় প্রতিবাদের নামে বেশ কিছু জায়গায় ট্রেন, বাস এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ও দেদার ভাঙচুরের ঘটনা ঘটেছিল। রাজ্যে ক্ষমতা বদলের পর সেই সরকারি সম্পত্তি নষ্টের সমস্ত অভিযোগের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বহরমপুরের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, “রেল, বাস জ্বালানো, পুলিশকে মারা – এসব এখন অতীত। নারী সুরক্ষা ও পাচার রোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত মামলার বিচার হবে দ্রুত গতিতে।”
মুখ্যমন্ত্রী আরও সংযোজন করেন, আইনি নিয়ম মেনে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। সোমবার থেকে আইন কার্যকর হলেই যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সামসেরগঞ্জ বা ধুলিয়ানের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন যে এবার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে, তা মুখ্যমন্ত্রীর এই বার্তা থেকেই স্পষ্ট।

