হালাল না ঝটকা? মাংসের দোকানে বোর্ড ঝোলানোর নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: এবার মাংসের দোকানে মাংস কাটার পদ্ধতি স্পষ্ট করে বোর্ডে লিখে রাখার ফতোয়া জারি করার অভিযোগ উঠল দুর্গাপুরে। কোন দোকানে ‘হালাল’ নাকি ‘ঝটকা’— কোন পদ্ধতিতে মাংস কাটা হচ্ছে, তা ক্রেতাদের জানাতে দোকানের সামনে বোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার শিল্পশহরের বেনাচিতি বাজারের বিভিন্ন মাংসের দোকান ও রেস্তরাঁয় গিয়ে একদল যুবক এই দাবি জানানোর পর থেকেই এলাকায় ব্যাপক শোরগোল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে বেনাচিতি বাজারের মাংসের দোকানগুলিতে যখন ভালোই ভিড় ছিল, ঠিক তখনই নিজেদের ‘ধর্মচক্র’ নামক একটি সংগঠনের প্রতিনিধি দাবি করে বেশ কয়েকজন যুবক সেখানে হাজির হন। নিজেদের ‘হিন্দু জাতীয়তাবাদ জাগরণে নিয়োজিত’ কর্মী বলে পরিচয় দিয়ে তাঁরা বাজারের একাধিক মাংসের দোকান এবং রেস্তরাঁয় ঘোরেন। বিক্রেতাদের কাছে হাতজোড় করে তাঁদের অনুরোধ— ক্রেতারা যাতে বিভ্রান্ত না হন, তাই মাংস হালাল না ঝটকা, তা বড় বড় অক্ষরে দোকানের সামনে বোর্ডে লিখে ঝুলিয়ে রাখতে হবে।
হঠাৎ করে বাজারের দোকানে দোকানে গিয়ে এমন অনুরোধ বা দাবির জেরে কিছুটা অস্বস্তিতে পড়েন বিক্রেতারা। এই বিষয়ে ওই সংগঠনের পক্ষে দীপ দাস দাবি করেন, “বহু ক্রেতা আমাদের কাছে এসে অভিযোগ জানিয়েছেন যে, মাংসের দোকান বা রেস্তরাঁয় খেতে গিয়ে এই তথ্য তাঁরা পান না। ক্রেতাদের সেই গণতান্ত্রিক অধিকার ও সচেতনতার খাতিরেই আমরা বিক্রেতাদের কাছে এই অনুরোধ জানিয়েছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে বেনাচিতি শিল্পাঞ্চলে নতুন করে ধর্মীয় মেরুকরণ ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

