রাজ্য
হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত ১, জখম ১৭
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া পেট্রোকেমিক্যালসে (এইচপিএল) ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারালেন এক স্থানীয় মহিলা। মঙ্গলবার এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন সংস্থার ৩ কর্মীসহ অন্তত ১৭ জন। আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কিছু দোকান ও ঝুপড়ি। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার ভোরে আচমকাই এইচপিএল-এর ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। চারদিক ধোঁয়ায় ঢেকে যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন ঝুপড়ি এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একে একে ১৫টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শুধু জল দিয়ে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত রাসায়নিক ফোম ব্যবহার করতে হয় দমকলকর্মীদের।
এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ঝুপড়িবাসীরা। মারাত্মকভাবে পুড়ে যান মানু বিবি (৩৮) নামের এক স্থানীয় মহিলা। তাঁর শরীরের ৯৫ শতাংশের বেশি অংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে, মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া কারখানার ৩ জন কর্মী এবং স্থানীয় ১৪ জন বাসিন্দা অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা এবং স্থানীয় বিধায়ক প্রদীপ বিজলী। তাঁরা উদ্ধারকাজের তদারকি করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘‘কী ভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে এইচপিএল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ, বুধবার মুম্বই থেকে একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। তারা খতিয়ে দেখে মূল কারণ চিহ্নিত করবে।’’ কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

