রাজ্য
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু?
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সময়সূচি। চলতি বছরের দুর্গাপুজোর ঠিক এক মাস আগে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের এই তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। এই পরীক্ষা প্রক্রিয়া চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে এই দিনক্ষণ ও বিস্তারিত নির্দেশিকা ঘোষণা করা হয়েছে।
সংসদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের সেমেস্টার পরীক্ষাগুলির মেয়াদ হবে মাত্র দেড় ঘণ্টা। প্রতিদিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে বেলা সাড়ে ১২টায়। তবে সব বিষয়ের জন্য এই সময়সীমা এক নয়। প্র্যাক্টিক্যাল বা ব্যবহারিক নির্ভর কিছু বিশেষ বিষয় যেমন— ভিজুয়াল আর্টস, মিউজিক (সঙ্গীত) এবং অন্যান্য ভোকেশনাল বা বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা সময় পাবেন মাত্র ১ ঘণ্টা। এই বিশেষ বিষয়ের পরীক্ষাগুলি সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১২টার মধ্যেই শেষ করতে হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটেই এই পরীক্ষার সম্পূর্ণ এবং বিস্তারিত সময়সূচি বা রুটিনটি আপলোড করা হয়েছে। ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষ সেখান থেকেই এটি ডাউনলোড করে নিতে পারবেন। নতুন সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর এই পরীক্ষাটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
শিক্ষা দপ্তরের একাংশের মতে, পুজো শুরুর আগেই পরীক্ষা মিটিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত বেশ ইতিবাচক। এর ফলে পরীক্ষার্থীরা উৎসবের দিনগুলিতে মানসিক চাপমুক্ত থাকতে পারবে। সংসদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্কুলকে এই সময়সূচি মেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

