চার ঘণ্টা জেরার পর ফের হুমায়ুনকে তলব পুলিশের
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে এবার পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। আজ, শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় ডেকে পাঠিয়ে দীর্ঘ চার ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। তবে প্রথম দফার এই জিজ্ঞাসাবাদে পুলিশ সন্তুষ্ট না হওয়ায় আগামী ১৪ জুলাই ফের তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে আজই তলব করা হয়েছিল। সেই মতো সকাল সাড়ে ১১টার আগেই রেজিনগর থানায় পৌঁছে যান তিনি। তবে থানায় ঢোকার মুখে তাঁর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কড়া সুরে বলেন, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, সেই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আজ সত্যিই নিজের গ্রেপ্তারের আশঙ্কা করছিলেন এই দাপুটে নেতা?
থানায় ঢোকার পর থেকেই শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ। বিতর্কিত মন্তব্য কেন করেছিলেন, তার নেপথ্যে কোনো উসকানি বা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল কি না— মূলত এই সমস্ত বিষয়েই তাঁকে প্রশ্ন করা হয়। টানা চার ঘণ্টা জেরা শেষে বিকেল সাড়ে ৩টে নাগাদ থানা থেকে বের হন তিনি। তদন্তকারীদের একাংশের দাবি, জেরায় বহু প্রশ্নেরই সদুত্তর দেননি হুমায়ুন। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তদন্তের স্বার্থে আগামী ১৪ জুলাই তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে।
ভোটের পর মুর্শিদাবাদের উত্তপ্ত রাজনৈতিক আবহে হুমায়ুনের এই মন্তব্য এবং পুলিশের এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

