রাজ্য
চলতি বর্ষায় মাঝারি থেকে শক্তিশালী ‘এল নিনো’-র চোখরাঙানি!
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টির ঘাটতির আশঙ্কায় জারি সতর্কবার্তাভারতের চলতি বর্ষা মরশুমে বড়সড় ধাক্কা দিতে পারে আবহাওয়ার খামখেয়ালিপনা। দেশের চলতি বর্ষা সিজনে মাঝারি থেকে শক্তিশালী ‘এল নিনো’ (El Niño) পরিস্থিতি তৈরি হতে পারে বলে স্পষ্ট সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। শুক্রবার ১২ জুন প্রকাশিত আবহাওয়া দফতরের মাসিক বুলেটিনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
মৌসম ভবনের বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্ষার বাকি সময়টা জুড়ে এই এল নিনোর প্রভাব আরও বেশি স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠতে পারে। সাধারণত প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার এই ঘটনা বা এল নিনোর কারণে ভারতে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে, যার ফলে দেশজুড়ে বৃষ্টির ঘাটতি দেখা দেয়। এর সরাসরি প্রভাব পড়তে পারে খরিফ চাষ এবং কৃষিকার্যের ওপর।একই সঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারত মহাসাগরীয় ডাইপোল (IOD) বর্তমানে নিরপেক্ষ বা স্বাভাবিক অবস্থাতেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। সাধারণত এই ডাইপোল ইতিবাচক থাকলে তা এল নিনোর নেতিবাচক প্রভাবকে কিছুটা ঢাকা দিতে বা বৃষ্টি বাড়াতে সাহায্য করে। কিন্তু এবার তা নিরপেক্ষ থাকায় বর্ষার বৃষ্টিপাতের ওপর এল নিনোর দাপট কতটা মারাত্মক রূপ নেয়, তা নিয়ে গভীর চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। আইএমডি-র এই বুলেটিনের পর দেশের বিভিন্ন রাজ্যে চাষবাসের কৌশল এবং জল সংরক্ষণের বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

