রাজ্য
যাদবপুরে সক্রিয় দেশবিরোধী শক্তি? শুরু তদন্ত
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র বিক্ষোভের আঁচ এড়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বাদ দিয়ে সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো যাদবপুর কাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিশনের প্রথম বৈঠক। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। তবে প্রথম দিন থেকেই এই কমিশনকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কমিশনে ছাত্র প্রতিনিধি রাখার জোরালো দাবি জানানো হলেও, শেষ পর্যন্ত সেই দাবি মান্যতা পায়নি। ছাত্র প্রতিনিধি ছাড়াই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া।
এদিনের বৈঠকে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র ডিরেক্টর অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থাপক কর্মকর্তা হিসেবে বৈঠকে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা এবং সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাগুলির গভীরে পৌঁছতেই এই উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হয়েছে।
বৈঠক শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারম্যান প্রণবকুমার চট্টোপাধ্যায় তদন্তের রূপরেখা স্পষ্ট করে দেন। তিনি বলেন, “আমাদের কাছে এখনও পর্যন্ত যে সমস্ত অভিযোগ এসেছে, সেগুলি কীভাবে খতিয়ে দেখা হবে তা এই বৈঠকেই আলোচনার মাধ্যমে স্থির করা হবে। প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান যে, শুধু লিখিত অভিযোগই নয়, ঘটনার প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর, পেপার কাটিং এবং ভিডিও ক্লিপিংসও খতিয়ে দেখবে কমিশন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া সমস্ত নথি ও তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হবে।
বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তি ও নিরাপত্তা ফেরাতে এই তদন্ত অত্যন্ত জরুরি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, কোনও রকম খামতি না রেখে যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দেওয়া হবে। তবে ছাত্র প্রতিনিধি না থাকায় আগামী দিনে ছাত্র সংগঠনগুলি কী ভূমিকা নেয়, এখন সেটাই দেখার।

