রাজ্য
কলেজে ‘ঘুঘুর বাসা’ ভাঙাই লক্ষ্য নতুন শিক্ষামন্ত্রীর
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে বড় পদক্ষেপ নিলেন নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) মেনে রাজ্যের শিক্ষাঙ্গনের খোলনলচে বদলে দেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।
মন্ত্রিত্বের দফতর পাওয়ার পরপরই সোজা সল্টলেকের বিকাশ ভবনে যান উচ্চশিক্ষামন্ত্রী। সেখানে গিয়ে দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ‘বেডরুম’ বিতর্ক নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মন্ত্রী।
জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “কলেজে যেখানে লাইব্রেরি থাকার কথা, সেখানে বেডরুমের ছবি প্রকাশ্যে আসছে। এতেই পরিষ্কার বোঝা যায় যে রাজ্যের শিক্ষার অবস্থা কতটা করুণ পর্যায়ে পৌঁছেছে।” কলেজের ভেতরে গজিয়ে ওঠা এই ধরনের অসামাজিক কাজকর্ম বা ‘ঘুঘুর বাসা’ কঠোর হাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মন্ত্রীর আশ্বাস, আগামী দিনে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। তিনি আরও বলেন, “কেন্দ্রকে বাদ দিয়ে সরকার চালানোর প্রবণতা ছিল আগে। শিক্ষাক্ষেত্রে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা একটা টিম হিসাবে কাজ করব। বাঙালিকে আবারও উচ্চশিক্ষায় প্রতিষ্ঠা দেওয়াই হবে লক্ষ্য।” তাঁর আশ্বাস, এবার থেকে প্রতি বছর এসএসসি,সিএসসি, পিএসসি হবে।
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা বজায় রাখতে নতুন শিক্ষামন্ত্রী আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছেন, তাঁর এই মন্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট।

