রাজ্য
রাজনীতির ‘ডিম থেরাপি’ এবার জামাই ষষ্ঠীর পাতে
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্ষমতার বদল হতেই হঠাৎ করে আকাশছোঁয়া চাহিদা ডিমের। তবে এই চাহিদার কারণটা বোধহয় আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই বিভিন্ন দুর্নীতি ও মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূলের ছোট-বড় নেতারা। আর আদালত বা লকআপে যাওয়ার পথে সেই অভিযুক্ত নেতাদের ‘বিশেষ সংবর্ধনা’ দিতে আমজনতার হাতিয়ার হয়ে উঠেছে বাজারে মিলতে থাকা ডিম। যাকে চলতি কথায় সবাই বলছেন ‘ডিম থেরাপি’। রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দেদার ডিম ছোড়ার এই হিড়িক এবার রাজনীতির আঙিনা পেরিয়ে সোজা ঢুকে পড়ল বাঙালির উৎসবের পাতে।
সামনেই বাঙালির অত্যন্ত প্রিয় উৎসব জামাই ষষ্ঠী। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করেই এবার কাঁচা ডিমের জনপ্রিয়তাকে মিষ্টির বাক্সে বন্দি করে ফেলল হুগলির এক বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান। বাজারে এখন কাঁচা ডিমের পাশাপাশি দেদার বিকোচ্ছে ‘ডিম মিষ্টি’। জামাইদের পাতে একটু ভিন্ন স্বাদের চমক দিতেই মণ্ডা-মিঠাইয়ের এই অভিনব ফিউশন তৈরি করেছেন চন্দননগরের এক প্রবীণ মিষ্টান্ন ব্যবসায়ী।
দেখতে হুবহু হাঁস বা মুরগির ডিমের মতো হলেও, কামড় দিলেই বোঝা যাবে এটি আসলে খাঁটি ছানার তৈরি মিষ্টি। সাদা খোলসের ভেতরে রয়েছে হালকা হলুদ রঙের মিষ্টির কুসুম। কারিগরেরা অত্যন্ত নিখুঁত দক্ষতায় তৈরি করেছেন এই মিষ্টি। মিষ্টান্ন ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে ডিমের এই রমরমা বাজার দেখেই সম্পূর্ণ অর্ডার অনুযায়ী তাঁরা এই বিশেষ মিষ্টি তৈরি করেছেন। রাজনৈতিক মহলে চলা রসিকতাকে উসকে দিয়ে জামাই ষষ্ঠীর বাজারে এই ‘ডিম মিষ্টি’ যে শ্বশুরবাড়িতে নতুন জামাইদের নজর কাড়বে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত প্রস্তুতকারকেরা।

