রাজ্য
রাজ্যজুড়ে তিন দিনের ‘জন কল্যাণ শিবির
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের দুয়ারে সরকারি প্রকল্প এবং পরিষেবা পৌঁছে দিতে আরও এক বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ কর্মসূচি। যার নাম দেওয়া হয়েছে “জন কল্যাণ শিবির” (JKS)। মূলত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধাভোগীদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া এবং নথিপত্রের জটিলতা দূর করতেই এই নয়া উদ্যোগ নবান্নের।
নবান্ন সূত্রের খবর, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা এবং সাধারণ উপভোক্তাদের মধ্যে যে ব্যবধান বা খামতি রয়েছে, তা সম্পূর্ণ দূর করা। এটি একটি ‘সিঙ্গেল-উইন্ডো’ বা এক জানলা বিশিষ্ট ব্যবস্থার মতো কাজ করবে। অর্থাৎ, সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি দপ্তরে আলাদা করে চক্কর কাটতে হবে না। একটি নির্দিষ্ট শিবির থেকেই একাধিক প্রকল্পের কাজ এক ছাতার তলায় সেরে ফেলা সম্ভব হবে।
তিন দিনব্যাপী এই ‘জন কল্যাণ শিবির’-এ মূলত চারটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। অন-দ্য-স্পট রেজিস্ট্রেশন। অর্থাৎ যোগ্য উপভোক্তারা শিবিরে এসে সরাসরি নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন। বিভিন্ন প্রকল্পে আটকে থাকা আবেদনগুলির নথিপত্র বা ভেরিফিকেশন স্পটেই সেরে ফেলা হবে। যে সমস্ত আবেদন মঞ্জুর হয়ে গিয়েছে, সেগুলির পরিষেবা বা সুযোগ-সুবিধা উপভোক্তার হাতে সরাসরি তুলে দেওয়া হবে। তাছাড়া সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে, তা দ্রুত খতিয়ে দেখে সমাধানের ব্যবস্থা করা হবে।
প্রশাসন সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলা, ব্লক এবং পুরসভা স্তরে এই শিবিরের রূপরেখা তৈরি করা হয়েছে। পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ড স্তরে যাতে এই শিবিরগুলি সফলভাবে পরিচালিত হয়, তার জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে শুরু হতে চলা এই মেগা আউটরিচ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই জেলায় জেলায় তৎপরতা তুঙ্গে।

