রাজ্য
তৃণমূল ছেড়ে এনডিএ শিবিরে জুন মালিয়া
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিরাট বড় ধামাকা ঘটে গেল। তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সাংসদ এবং জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি এনডিএ (NDA)-তে যুক্ত হওয়ার জন্য জমা দেওয়া চিঠিতে নিজের স্বাক্ষর করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
জুন মালিয়া জানিয়েছেন যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর মনে অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। ‘দিদি’র সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকবে। কিন্তু দলে থেকে তিনি আর স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। দলের বর্তমান অভ্যন্তরীণ পরিবেশ ও কর্মপদ্ধতির কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। এই সমস্যার কথা তিনি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট করে জানিয়ে এসেছিলেন।
সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে সাংসদ ও বিধায়কদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সেই ‘বিক্ষুব্ধ’ বা ‘বিদ্রোহী’ শিবিরের প্রথম সারিতেই উঠে এসেছে জুন মালিয়ার নাম। তিনি মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে সঠিক উন্নয়নের স্বার্থে এনডিএ বা বিজেপি শিবিরের হাত ধরাই শ্রেয়।
তৃণমূলের অন্দরে এই বড়সড় বিদ্রোহের জেরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার মতো একজন পরিচিত মুখ দল ছাড়ায় এবং সরাসরি বিরোধী জোটে সই করায় তৃণমূল নেতৃত্ব বড় ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

