রাজ্য
লন্ডনের মতো ‘কলকাতা আই’ ও ৬০ ফুটের দুর্গা মূর্তি!
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া-কলকাতা গঙ্গাপাড়ের ভোলবদল হতে চলেছে খুব দ্রুত। হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত গঙ্গার পশ্চিম পাড়ের চেহারা এবার আমূল বদলে যেতে চলেছে। কলকাতা পোর্ট ট্রাস্ট Syama Prasad Mookerjee Port এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে গঙ্গাপাড়ের এক মেগা আধুনিকীকরণ ও সৌন্দর্যকরণ প্রকল্প। এর ফলে অত্যন্ত দ্রুত ভোলবদল ঘটবে হাওড়ার গ্র্যান্ড ফরশোর রোড সংলগ্ন এলাকার।
এই প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে লন্ডনের ‘লন্ডন আই’-এর আদলে তৈরি ২৫০ ফুট উচ্চতার একটি বিশালাকার জায়ান্ট হুইল, যার নাম দেওয়া হয়েছে ‘কলকাতা আই’ Kolkata Eye। স্বয়ংক্রিয় এবং শীতাতপ নিয়ন্ত্রিত এই রাইডে চড়ে পর্যটকরা গঙ্গা নদীর ওপর থেকে কলকাতা ও হাওড়া দুই শহরের এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
এর পাশাপাশি, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে রামকৃষ্ণপুর ঘাটের কাছে স্থাপন করা হবে দেবী দুর্গার প্রায় ৬০ ফুট উচ্চতার একটি স্থায়ী ধাতব (অষ্টধাতু) মূর্তি। মূর্তির দুই পাশে দুটি বিশালাকার ধাতব ধনুক থাকবে এবং দেবীর নিত্যপুজোরও ব্যবস্থা করা হবে।
কলকাতা পোর্ট ট্রাস্ট, কেএমডিএ (KMDA) এবং হাওড়া পুরনিগম একযোগে কাজ করছে। প্রাথমিকভাবে ১.৮ কোটি থেকে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হবে। গঙ্গাপাড়ের ঘাটগুলোর সংস্কার করে সেখানে বজ্রপাত নিরোধক ব্যবস্থা, ফুড কোর্ট এবং বসার আধুনিক জায়গা তৈরি করা হবে। প্রকল্পের প্রথম দফার কাজ আগামী দুর্গাপুজোর আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রামকৃষ্ণপুর ঘাট ছাড়াও বালি ও বেলুড়ের সমস্ত ঘাটগুলোকেও এই সৌন্দর্যকরণ প্রকল্পের আওতায় আনা হবে। এই নতুন ইকো-ট্যুরিজম করিডোরটি চালু হলে তা পূর্ব ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

