রাজ্য
কলকাতা সহ সব পুর এলাকায় পার্কিংয়ে এবার ফাস্ট্যাগ
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিবেদন: যত্রতত্র গাড়ি পার্কিংয়ের জেরে রাস্তার দু’ধারে তৈরি হওয়া যানজট এবং পার্কিং ফি নিয়ে দেদার দুর্নীতির অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় পার্কিং ফি নিয়ে যে ‘লুট’ এবং রাজস্ব ফাঁকির অভিযোগ উঠছিল, তাতে পাকাপাকিভাবে দাঁড়ি টানতে উদ্যোগী হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এবার থেকে অনলাইনে ফাস্ট্যাগের (FASTag) মাধ্যমে সরাসরি পার্কিং ফি কেটে নেওয়ার আধুনিক ব্যবস্থা চালু করার বিষয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরেই অভিযোগ, এক শ্রেণির অসাধু চক্র পুরসভার নাম ভাঙিয়ে রাস্তার ধারে গাড়ি পার্কিং করিয়ে গাড়িচালকদের কাছ থেকে ইচ্ছামতো বাড়তি টাকা আদায় করছিল। এই জুলুমের জেরে একদিকে যেমন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল সাধারণ গাড়িচালক ও মালিকদের, তেমনই বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল রাজ্য সরকার। ম্যানুয়াল বা রসিদ কেটে পার্কিং ফি নেওয়ার চেনা ছকেই এই দুর্নীতির জাল ছড়িয়েছিল বলে মত বিশেষজ্ঞদের।
এই সমস্যা মেটাতে এবার ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্য। নতুন পরিকল্পনা অনুযায়ী, টোল প্লাজাগুলির মতো এবার শহরের রাস্তার পার্কিং লটেও ফাস্ট্যাগ প্রযুক্তি ব্যবহার করা হবে। গাড়ি পার্কিং করার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট সেন্সরের মাধ্যমে চালকের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নেওয়া হবে। এর ফলে ক্যাশলেস বা নগদহীন লেনদেন নিশ্চিত হওয়ার পাশাপাশি দালাল রাজ এবং বাড়তি টাকা চাওয়ার জুলুম সম্পূর্ণ বন্ধ হবে। সরাসরি পুরসভার তহবিলে টাকা জমা পড়ায় বাড়বে রাজ্যের রাজস্বও। পার্কিং ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতেই এই ক্যাশলেস ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করছে পুর দপ্তর।

