রাজ্য
সোমবার থেকে ভোর ৬টায় কলকাতা মেট্রো
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর। আগামী সোমবার থেকে বদলে যাচ্ছে মেট্রোর চেনা সময়সূচী। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার থেকে সকাল ৬টাতেই মিলবে প্রথম মেট্রো। একই সঙ্গে বাড়ানো হচ্ছে রাতের শেষ মেট্রোর সময়সীমাও। পরীক্ষামূলক ভাবে ব্লু এবং গ্রিন উভয় লাইনেই এই নতুন পরিষেবা চালু হতে চলেছে।
মেট্রো রেল সূত্রের খবর, কবি সুভাষের পরিবর্তে বর্তমান প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে ব্লু লাইনে সোম থেকে শনিবার প্রথম ট্রেন মিলবে সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ৬টায়। অন্যদিকে, রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটের বদলে সাড়ে ১০টায়।
গ্রিন লাইনেও (ইস্ট-ওয়েস্ট মেট্রো) বড় বদল আসছে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে সকাল ৬টায় চালু হবে। রাতের শেষ ট্রেনের সময় ১০টা ৫ মিনিট থেকে পিছিয়ে সাড়ে ১০টা করা হয়েছে। তবে রবিবারের প্রথম ও শেষ ট্রেনের সময়সূচী অপরিবর্তিতই থাকছে।
শুধু ট্রেনের সময় বদল নয়, যাত্রী সুবিধার্থে পরিষেবার সংখ্যাও এক ধাক্কায় অনেকটা বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে কাজের দিনে (সোম-শুক্র) ট্রেনের সংখ্যা ২৬০ থেকে বাড়িয়ে ২৭২টি করা হচ্ছে। শনিবারের ট্রেন ২৪৬টি থেকে বেড়ে হচ্ছে ২৫৮টি এবং রবিবার ১৫২টি থেকে বাড়িয়ে ১৫৮টি করা হচ্ছে। গ্রিন লাইনের পরিষেবা সোম থেকে শুক্রবার ২২৮টি থেকে বৃদ্ধি পেয়ে ২৩৬টি হবে। শনিবার ট্রেনের সংখ্যা ২০৪ থেকে বেড়ে ২১২ এবং রবিবার ১০৮টি থেকে বাড়িয়ে ১১১টি করা হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের দীর্ঘদিনের জোরালো চাহিদা পূরণ করতেই এই বিশেষ উদ্যোগ। আপতত এই বর্ধিত সূচী পরীক্ষামূলক ভাবে চালানো হবে। এর ফলে অফিসযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

