রাজ্য
চলতি অর্থবর্ষেই পাইপবাহিত রান্নার গ্যাস
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: কলকাতা শহরের বাসিন্দাদের জন্য সুখবর। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের প্রথমার্ধ অর্থাৎ চলতি অর্থবর্ষের মধ্যেই (২০২৭ সালের মার্চের মধ্যে) কলকাতার এক বিস্তীর্ণ এলাকায় চালু হতে চলেছে পাইপবাহিত রান্নার গ্যাস (পিএনজি) সরবরাহ পরিষেবা। কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে এই পরিষেবা দেওয়ার বরাত রয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানির হাতে। সংস্থা সূত্রে খবর, এয়ারপোর্ট ও ভিআইপি রোড সংলগ্ন কিছু অংশের কাজ শেষ হলেই বড়সড় এই পরিকাঠামো সাধারণ মানুষের ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
বেঙ্গল গ্যাস কোম্পানি জানিয়েছে, যশোর রোডে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা এবং ভিআইপি রোডের হলদিরাম মোড়ের কাছে মাত্র ৩ থেকে ৩.৫ কিলোমিটার পাইপ বসানোর কাজ বাকি রয়েছে। এই সামান্য অংশের পাইপলাইন পাতার কাজ শেষ হয়ে গেলে মোটামুটি বারুইপুর পর্যন্ত পিএনজি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এয়ারপোর্ট থেকে ইএম বাইপাস হয়ে বারুইপুর পর্যন্ত গ্যাসের মূল পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যেই সফলভাবে শেষ করেছে সংস্থা।
বহুদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্প চালুর বিষয়ে বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম মুখোপাধ্যায় বলেন, “বহু সমস্যা কাটিয়ে অবশেষে শহর কলকাতায় সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাস পরিষেবা চালুর একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। এখন যশোর রোড এবং ভিআইপি রোডে ৩ কিলোমিটার মতো পাইপ বসানোর কাজ বাকি আছে। এই লাইনে ‘ভাল্ব’ বসানোর পরেই গ্যাস বাইপাস ধরে সোজা বারুইপুর পর্যন্ত পাওয়া যাবে।”
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই পিএনজি পরিষেবা চালু হলে এলপিজি সিলিন্ডার বুকিং ও ফুরিয়ে যাওয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন কলকাতা ও দক্ষিণ শহরতলির একটা বড় অংশের মানুষ। প্রথম দফায় আবাসন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সংযোগ দেওয়ার পর ধাপে ধাপে সাধারণ বাড়ির রান্নাঘরেও এই গ্যাস পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

