কৃষকদের সুখবর শোনাল আবহাওয়া দপ্তর
নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির খামখেয়ালিপনায় কৃষকদের চিন্তা বাড়িয়েছিল। বীজতলা শুকাতে বসেছিল। অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ। সোমবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের সামনের দিকের অংশ এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের ওপর পশ্চিম দিকে ঝুঁকে অবস্থান করছে। সিস্টেমের অগ্রভাগ কয়েকঘণ্টা বাদে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। তার মধ্যেই বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হল চলমান মেঘ বলয়। এর জেরে আগামী ২ থেকে ৩ ঘণ্টায় নদীয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা এবং হাওড়া জেলায় বৃষ্টি কিছুটা বাড়বে।
রবিবার রাতের পর নিম্নচাপটি শক্তি বাড়িয়েছে। এটি এখন ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী বুধবার সকালে এই সিস্টেমটি ওড়িশা হয়ে ছত্তীসগঢ়ের দিকে চলে যাবে। এর প্রভাবে উপকূল এবং পশ্চিমের কিছু জেলায় আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

