রাজ্য
২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ পর্ষদের
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি বা রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হবে ওই মাসেরই ২৫ তারিখ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। গত কয়েক বছরের মতো এবারও পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ, ছাত্রছাত্রীরা ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র হাতে পাবে এবং লেখা শুরু করতে পারবে বেলা ১১টা থেকে।
সোমবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ জানিয়েছে, প্রথম দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি (সোমবার) নেওয়া হবে প্রথম ভাষার পরীক্ষা। ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। মাঝে একদিন বিরতি দিয়ে ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ইতিহাস এবং ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ভূগোল পরীক্ষা নেওয়া হবে। এরপর শনি ও রবিবার দু'দিন ছুটি কাটিয়ে ২২ ফেব্রুয়ারি (সোমবার) গণিত বা অঙ্ক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভৌতবিজ্ঞান এবং ২৪ ফেব্রুয়ারি (বুধবার) জীবনবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ২০২৭ সালের মাধ্যমিক।
পর্ষদের এই আগাম রুটিন প্রকাশের ফলে পরীক্ষার্থীরা এখন থেকেই নিজেদের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাবে বলে মনে করছেন শিক্ষক মহল। সোমবার এই বিস্তারিত সূচি প্রকাশের পর থেকেই স্কুলগুলিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
একনজরে রুটিন –
১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) – প্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভুগোল
২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- অঙ্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান
২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান
২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)– ঐচ্ছিক বিষয়

