রাজ্য
দলে বেইমানদের জায়গা নেই: মমতা
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল ভাঙানো এবং দলবদলু নেতাদের বিরুদ্ধে এবার চরম সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দলে কোনো বেইমান ও বিশ্বাসঘাতকদের জায়গা হবে না। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন হলে ‘আমরা বেইমান নই’ শীর্ষক একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই কুণালের মোবাইলের মাধ্যমে কর্মীদের উদ্দেশে এক কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী।
সাম্প্রতিক সময়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের যে সমস্ত বিধায়ক ও সাংসদ বিদ্রোহী হয়ে উঠেছেন বা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, তাঁদের নাম না করে তীব্র আক্রমণ করেন মমতা। দলের প্রতি অনুগত থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ‘দল হলো মায়ের মতো। এখন মা যখন অসুস্থ, তখন ওরা মায়ের পিঠে ছুরি মারছেন।’ দলবদলুদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে মমতা মনে করিয়ে দেন, সাধারণ কর্মীদের রক্ত ও লড়াইয়ের বিনিময়েই আজ কেউ কাউন্সিলর, কেউ বিধায়ক আবার কেউ সাংসদ হয়েছেন।
তৃণমূল নেত্রীর অভিযোগ, আজ সাধারণ কর্মীদের স্বার্থকে উপেক্ষা করে কিছু নেতা শুধুমাত্র টাকার লোভে এবং নিজেদের সম্পত্তি বাঁচাতে অন্য দলে চলে যাচ্ছেন। বিজেপির সঙ্গে আপস করছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এর থেকে তো ভালো হতো, যদি ওনারা আগেই বিজেপিতে চলে যেতেন।’ মমতা জানান, নিচুতলার কর্মীরা আজ ওই সুবিধাবাদী নেতাদের কাছে জবাব চাইছেন, কিন্তু বেইমানদের কাছে কোনো উত্তর নেই।
এই কঠিন পরিস্থিতিতে দলের কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নেত্রী। রামমোহন হলের সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে তাঁর আন্তরিক আবেদন— ‘আপনারা সবাই একত্র থাকুন, জোটবদ্ধ হন। আমরা আবার নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াব এবং দলকে আরও শক্তিশালী করব।’
রাজনৈতিক মহলের মতে, ভোটকুশলীদের এই দলবদল রুখতে মমতার এই কড়া বার্তা কর্মীদের মনোবল চাঙ্গা করতে বড় ভূমিকা নেবে।

