রাজ্য
এবার শ্যামবাজারে মমতাকে ‘চোর’ স্লোগান
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার হালিশহরের পর এবার কলকাতার বুক। খাস উত্তর কলকাতার শ্যামবাজারে ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে উঠল ‘চোর চোর’ স্লোগান। মঙ্গলবার বিকেলে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান সেরে তিনি যখন ফিরছিলেন, ঠিক তখনই একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি লক্ষ্য করে স্লোগান তুলতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
রাজনৈতিক সূত্রে খবর, আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। পাশাপাশি, সম্প্রতি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে, এই অভিযোগে এবং ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে ‘কালীঘাট তৃণমূল’-এর পক্ষ থেকে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দিতেই মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে দলীয় কর্মীদের নিয়ে হাজির হন তৃণমূল নেত্রী। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানের বিরুদ্ধে তোপ দাগেন।
উত্তেজনার সূত্রপাত হয় সভার শেষে। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্থান ত্যাগ করছিলেন, তখন সেখানে উপস্থিত বিজেপির কর্মী-সমর্থকেরা আচমকাই তাঁকে উদ্দেশ করে তীব্র স্বরে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে পাল্টা সরব হন উপস্থিত তৃণমূল কর্মীরাও। দু’পক্ষের মধ্যে তীব্র বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। কয়েক দিন আগেই হালিশহরে গিয়েও একই ভাবে তুমুল বিক্ষোভ ও কাদা-জুতো ছোঁড়ার মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রীকে। সেই রেশ কাটতে না কাটতেই কলকাতার অন্যতম ব্যস্ত মোড়ে খোদ মমতার সামনে এই ধরনের স্লোগান ওঠায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। পুলিশ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

