রাজ্য
মোদী-শুভেন্দু যুগলবন্দি, আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: আগামী ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে বড়সড় চমক দিতে চলেছে কলকাতা। তিলোত্তমার বুকেই এ বার আয়োজিত হতে চলেছে দেশের মূল যোগ উৎসব। আর সেই মেগা অনুষ্ঠানে রেড রোডে একই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালাবদলের পর রাজ্যে এটাই হতে চলেছে কেন্দ্রের সবথেকে বড় অনুষ্ঠান। এই হাইভোল্টেজ আয়োজনকে ঘিরে নবান্ন থেকে শুরু করে গোটা শহর জুড়ে এখন সাজো সাজো রব। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নজিরবিহীন নির্দেশিকা জারি করল শুভেন্দু অধিকারীর সরকার।
নবান্ন সূত্রে খবর, ২১ জুনের এই মেগা যোগ শিবিরের অংশ নেওয়া সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দিয়ে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আমলা তথা মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি কড়া বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে সরকারি কর্মীদের রেড রোডের অনুষ্ঠানে যোগ দিতে হবে। নবান্নের এই কড়া নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের অন্দরে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে।
কলকাতার রেড রোডে আয়োজিত এই মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেবল রেড রোডই নয়, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতা পুরসভা ও ভারত সরকারের যৌথ ব্যবস্থাপনায় গোটা শহর জুড়েই একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মাঠ ও পার্কগুলিতেও সাধারণ মানুষকে যোগাসনে শামিল করার জন্য বিশেষ প্রচার চালানো হচ্ছে। দীর্ঘ কয়েক বছর পর কলকাতার বুকে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে এই ধরণের মেগা ইভেন্ট হবে।

