রাজ্য
স্বাস্থ্যবিমায় নয়া চমক শুভেন্দু সরকারের
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। তবে এই সর্বভারতীয় প্রকল্পের কড়া শর্তাবলীর কারণে রাজ্যের বহু সাধারণ মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাঁদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সমস্ত নাগরিক আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য রাজ্য সরকার চালু করল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’।
সোমবার নবান্নের তরফ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নয়া স্বাস্থ্যবিমা যোজনায় রাজ্যবাসী প্রতি বছর পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। তবে কারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না, তা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে।
কারা পাবেন না এই সুবিধা? যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি, তাঁরা এই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না। ইতিমধ্যে যারা কেন্দ্র বা রাজ্যের অন্য কোনও সরকারি স্বাস্থ্যবিমা বা সুযোগ-সুবিধা উপভোগ করছেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী যারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতায়, তাঁরা পাবেন না। চাকরিরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, যারা কেন্দ্রের স্বাস্থ্য স্কিম, ১৯৫৪-এর আওতায়, তাঁরা পাবেন না।
মুখ্যমন্ত্রী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আয়ুষ্মান ভারতের তালিকা থেকে বাদ পড়া রাজ্যবাসীকে সুরক্ষিত করতে নতুন ব্যবস্থা আনা হবে। এই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সেই প্রতিশ্রুতিই পূরণ করা হলো। রাজ্য প্রশাসনের দাবি, এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলি চিকিৎসার বিপুল খরচের হাত থেকে রেহাই পাবে এবং গোটা দেশের অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। সোমবার থেকেই এই প্রকল্পের নিয়মাবলী কার্যকর করা হয়েছে।

