রাজ্য
মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাদেড়েকেই ‘অ্যাকশন’, গ্রেপ্তার ৩
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: তারাতলায় গুদামঘরের পাঁচিল ও ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনার জেরে নজিরবিহীন তৎপরতা পুলিশ প্রশাসনের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের মাত্র ঘণ্টাদেড়েকের মধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সৈয়দ মহম্মদ গুলজার ওই গুদামঘরের নির্মাণকাজের মূল সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিল। অন্যদিকে, মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী সেখানে কাজ করার জন্য দৈনিক মজুরিতে শ্রমিক সরবরাহ (লেবার সাপ্লাই) করার কাজ করত। দুর্ঘটনার পর নির্মাণকাজে গাফিলতি এবং সুরক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয় এবং পরে জেরা শেষে গ্রেপ্তার করা হয়।
বুধবার তারাতলার ওই গুদামঘরে আকস্মিক বিপর্যয়ের খবর সামনে আসতেই নবান্নের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই ঘটনায় দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না এবং দ্রুত আইনি পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই চরম হুঁশিয়ারির পর আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি পুলিশ। কলকাতা পুলিশের একটি বিশেষ দল রাতেই অভিযান চালিয়ে এই তিন অভিযুক্তকে পাকড়াও করে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুদামঘরটির নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল এবং শ্রমিকদের সুরক্ষার কোনো নূন্যতম ব্যবস্থাও সেখানে ছিল না। ধৃত তিনজনকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চক্রের পেছনে আর কোনো বড় মাথা বা প্রোমোটার জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

