রাজ্য
নবান্নের রঙেও এবার বদল: নীল-সাদার বদলে গেরুয়া
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ এ বার খোদ রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের রং বদলের পালা শুরু হলো। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে রাজ্যের যে কোনো সরকারি ভবন বা পরিকাঠামোয় ‘নীল-সাদা’ রঙের আধিপত্য ছিল চেনা ছবি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, প্রশাসনিক স্তরেও সেই চেনা রঙে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। নবান্নের অন্দরে এবার নীল-সাদার পরিবর্তে জায়গা করে নিতে চলেছে ‘গেরুয়া-সাদা’ রঙের কম্বিনেশন।
মঙ্গলবার সকাল থেকেই নবান্ন চত্বরে এই রং বদলের প্রথম প্রলেপ পড়তে দেখা গিয়েছে। তবে গোটা নবান্ন ভবনটিকেই পুরোপুরি গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হবে কি না, বা তার জন্য পূর্ত দফতর (PWD) কোনো বড়সড় দরপত্র (Tender) ডেকেছে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু নবান্ন সভাগৃহের (Nabanna Sabhaghar) ভেতরে ইতিমধ্যেই জোরকদমে গেরুয়া এবং সাদা রঙের প্রলেপ লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, দীর্ঘদিনের নীল-সাদা রঙের খোলনলচে বদলে এবার নতুন সরকারি গাইডলাইন অনুযায়ী রাজ্যের গুরুত্বপূর্ণ ভবনগুলিকে সাজানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, সরকারি ভবনের এই রং বদল আসলে রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন জমানারই এক প্রতীকী বহিঃপ্রকাশ। নবান্নের এই গুরুত্বপূর্ণ অংশ দিয়ে শুরু হওয়া রং বদলের প্রক্রিয়া আগামী দিনে অন্যান্য সরকারি দফতরেও ছড়িয়ে পড়ে কি না, এখন সেটাই দেখার।

