রাজ্য
পদোন্নতিতে বেনিয়ম, কড়া নির্দেশিকা জারি নবান্নের
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতিতে হওয়া দীর্ঘদিনের বেনিয়ম রুখতে এবার নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ করল নবান্ন। পরীক্ষা না দিয়ে বা নিয়ম বহির্ভূতভাবে যাঁরা লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) থেকে আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি) পদে উন্নীত হয়েছেন, তাঁদের ওপর একগুচ্ছ কঠিন শর্ত চাপাল বর্তমান সরকার। এই মর্মে বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তবে মানবিকতার খাতিরে এই কর্মীদের চাকরি এখনই বাতিল করা হচ্ছে না।
নবান্ন সূত্রে খবর, ২০১৯ সালের ২৪ জানুয়ারি থেকে রাজ্যে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার) রুলস, ২০১৯’ কার্যকর হয়েছিল। এই নতুন নিয়ম অনুযায়ী, ৫০ বছর বয়স পার হয়ে গেলেও সরকারি কর্মীদের কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় ছাড় পাওয়ার পুরনো নিয়মটি পুরোপুরি তুলে দেওয়া হয়। অর্থাৎ, প্রমোশন পেতে গেলে এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ২০১৯ সালের পর বহু কর্মীকে নিয়ম বহির্ভূতভাবে ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষা ছাড়াই তাঁদের উচ্চ পদে বসিয়ে দেওয়া হয়।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার সেইসব ‘ভুল’ প্রমোশনের তালিকা তৈরি করে রাশ টানতে চাইছে নতুন বিজেপি সরকার। অর্থ দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যাঁরা নিয়ম না মেনে পদোন্নতি পেয়েছেন, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা পাশ করতে হবে। অন্যথায় তাঁদের পদোন্নতি আটকে দেওয়া বা বেতন সংক্রান্ত বিষয়ে কঠোর পদক্ষেপ করা হতে পারে।
প্রশাসনিক মহলের মতে, সরকারি স্তরে স্বচ্ছতা ফেরাতে এবং যোগ্য কর্মীদের অধিকার রক্ষা করতেই নবান্নের এই কড়া অবস্থান। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে।

