রাজ্য
নেতাজির আদর্শে নতুন দল ‘আজাদ হিন্দ’
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্ম অর্থাৎ ‘জেন জি’-কে মূল চালিকাশক্তি করে দেশের রাজনৈতিক মানচিত্রে আত্মপ্রকাশ করতে চলেছে এক নতুন দল। নাম ‘আজাদ হিন্দ পার্টি’। যার প্রধান মেন্টর বা পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। নতুন এই দলের মূল ভিত্তি হতে চলেছে নেতাজির ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদী আদর্শ। মূলত নেতাজি-প্রেমী এবং একদল বিশিষ্ট গবেষকদের যৌথ উদ্যোগে এই রাজনৈতিক মঞ্চ তৈরি হচ্ছে।
দলীয় সূত্রে খবর, এই নতুন যাত্রার জন্য একটি ঐতিহাসিক দিনকে বেছে নেওয়া হয়েছে। ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে প্রথম ‘আজাদ হিন্দ সরকার’ গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেই আগামী ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই নতুন দল। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার সাথেও নেতাজির আবেগ জড়িয়ে রয়েছে। সেই কারণে সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক শহর থেকেই এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। দলের প্রথম সাংগঠনিক কর্মসূচিও অনুষ্ঠিত হবে সেই শহরেই।
চন্দ্র বসু জানিয়েছেন, বর্তমান যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাই এই দলের নীতি নির্ধারণ থেকে শুরু করে মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মসূচি— সবক্ষেত্রেই প্রধান ভূমিকায় দেখা যাবে ‘জেন জি’ বা নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের। নেতাজির আদর্শকে পাথেয় করে দেশের যুব সমাজকে এক সুতোয় বাঁধাই এই দলের প্রধান লক্ষ্য। শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতি নয়, বরং সমাজ সংস্কার এবং যুবকদের কর্মসংস্থানের অধিকার নিয়ে লড়াই করবে ‘আজাদ হিন্দ পার্টি’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন এই দলের ঘোষণা স্বভাবতই দেশের রাজনৈতিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে।

