বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

নিউটাউনেই হতে পারে রাজ্যের নতুন প্রশাসনিক সদর

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬
নিউটাউনেই হতে পারে রাজ্যের নতুন প্রশাসনিক সদর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাইটার্স বিল্ডিংস বা নবান্ন নয়, রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর এবার পাকাপাকিভাবে সরতে চলেছে নিউটাউনে। সব কিছু ঠিকঠাক থাকলে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা রাজ্যের ৫৪টি সরকারি দপ্তরকে এবার আনা হচ্ছে এক ছাতার তলায়। প্রশাসনিক মহল মনে করছে, এর ফলে রাজ্য সচিবালয়কে ঐতিহ্যবাহী মহাকরণে (রাইটার্স বিল্ডিংস) ফিরিয়ে নিয়ে যাওয়ার আর কোনও সম্ভাবনা রইল না। এক ছাদের তলায় সব দপ্তরকে এনে কাজে গতি আনতেই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই নতুন সদর কার্যালয় গড়ে তোলার ব্লু-প্রিন্ট তৈরি করেছে বর্তমান সরকার।

কিন্তু রাজারহাট-নিউটাউনের ঠিক কোন জায়গায় মাথা তুলবে এই নয়া সচিবালয়? নবান্ন সূত্রে খবর, এর জন্য নিউটাউনের নজরুলতীর্থ মেট্রো স্টেশন সংলগ্ন ১৭.২৮ একর জমির কথা ভাবছে রাজ্য সরকার। উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে এই জমিতেই একটি সুবিশাল 'দুর্গাঙ্গন' গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছিল। তবে এখনই এই জমিটিকে চূড়ান্ত করতে চাইছে না প্রশাসন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিউটাউন সংলগ্ন আরও দু’-একটি জমিও খতিয়ে দেখা হবে বলে নবান্ন সূত্রের খবর।
প্রশাসনের কর্তারা জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই নয়া সচিবালয় নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বা টার্গেট নেওয়া হয়েছে। সেই ভাবনা থেকেই জমি চিহ্নিত করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে শেষ করতে চাইছে রাজ্য। নতুন এই আধুনিক ভবনে সব দপ্তর চলে এলে আমজনতা থেকে শুরু করে আধিকারিক—সকলেরই সময় ও শ্রম বাঁচবে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন আরও সহজ হবে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ফাইল চালাচালির কাজেও গতি আসবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।

আরও রাজ্য খবর